মোটরসাইকেলের ধাক্কায় ডাক বিভাগের কর্মচারী নিহত
প্রচ্ছদ » Uncategorized » মোটরসাইকেলের ধাক্কায় ডাক বিভাগের কর্মচারী নিহত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর উত্তরার জসিমউদ্দিন সড়কে মোটরসাইকেলের ধাক্কায় আবুল হোসাইন (৫০) নামে ডাক বিভাগের একজন কর্মচারী নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে তিনি রাস্তা পার হওয়ার সময় বিপরীত দিক থেকে দ্রুত গতির একটি মোটরসাইকেল এসে তাকে ধাক্কা দেয়। পরে তার সহকর্মীরা ও স্থানীয়রা তাকে উদ্ধার করে স্থানীয় মনোয়ারা নামে একটি হাসপাতালে নিয়ে যান। তবে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করানো হয়।
সেখানে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
নিহত আবুল হোসাইনের গ্রামের বাড়ি চাঁদপুরে। ঢাকায় তিনি উত্তরার আশকোনা এলাকায় বসবাস করতেন। এ ঘটনায় পুলিশ মোটরসাইকেলসহ চালককে আটক করেছে বলে জানা গেছে।
নিহতের সহকর্মী আব্দুল আজিজ জানান, তারা দু’জনই বিমানবন্দর পোস্ট অফিসে মেইল ক্যারিয়ার পদে চাকরি করেন। অফিস ডিউটি শেষে আবুল হোসাইন জসিমউদ্দিন এলাকায় রাস্তা পার হওয়ার সময় সন্ধ্যা পোন সাতটার দিকে দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এ ঘটনায় তাকে আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে উত্তরার মনোয়ারা হাসপাতালে নেয়া হয়। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল নিয়ে আসা হয়। এখানে রাত দশটার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।








