রসুনের বাম্পার ফলনে হাসি ফুটিয়েছে কৃষকের মুখে

প্রচ্ছদ » Uncategorized » রসুনের বাম্পার ফলনে হাসি ফুটিয়েছে কৃষকের মুখে

roshunসিরাজগঞ্জ প্রতিনিধি: চলনবিলে মসলা জাতীয় ফসল রসুন চাষ হাসি ফুটিয়েছে কৃষকের মুখে। রসুনের আশাতীত ফলনে এবার কৃষকরা অনেক খুশি। ধানের থেকে রসুন চাষে লাভ বেশি হওয়ায় তারা ঝুঁকছেন রসুন আবাদের প্রতি। তবে চলনবিলের ‘সাদা সোনা’ হিসেবে পরিচিত রসুনের ভালো ফলন হলেও দাম নিয়ে বিপাকে পড়েছেন কৃষকরা।

চলনবিলের তাড়াশ উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, রসুন তুলতে ব্যস্ত সময় পার করছেন কৃষাণ-কৃষাণীরা। তবে এ বছর রসুনের ফলন বাম্পার হলেও বিক্রি করতে গিয়ে ন্যায্যমূল্য থেকে বঞ্চিত হচ্ছেন কৃষকরা। গত বছর প্রতি বিঘায় ৩৫-৪০ মণ রসুনের ফলন পেয়ে তা বাজারে বিক্রি করেছেন ২ হাজার থেকে ২৬শ টাকা মণ দরে। তবে এ বছর ফলন ৩০ থেকে ৩৫ মণ হলেও দাম গত বছরের তুলনায় কম।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, ধান, সরিষা, গম, ভুট্টা ও শীতকালীন সবজি উৎপাদনের জন্য প্রসিদ্ধ সিরাজগঞ্জের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, নাটোরের সিংড়া, গুরুদাসপুর ও পাবনার ভাঙ্গুড়া উপজেলার সমন্বয়ে গঠিত চলনবিল অঞ্চল। ২০০৯ সাল থেকে এ অঞ্চলেই শুরু হয়েছে অর্থকারী ও মসলা জাতীয় ফসল রসুনের চাষাবাদ। প্রচলিত নিয়মে নয়, এই অঞ্চলের কৃষকরা বিনা চাষে উৎপাদন করছেন রসুন। চলনবিলের ফসলি মাঠ থেকে বন্যার পানি নামার সঙ্গে সঙ্গেই বিনা চাষে কাদামাটিতে লাগানো হয় রসুন।

একই জমিতে বিভিন্ন প্রজাতির কৃষিপণ্য উৎপাদনের কারণে উত্তরাঞ্চলের শষ্য ভাণ্ডার খ্যাত চলনবিল অঞ্চলের চাষাবাদ বরাবরই বৈচিত্রময়। বিল অঞ্চলের বৈচিত্রময় কৃষি কাজে নতুন মাত্রা যোগ করেছে বিনাচাষে এ রসুন উৎপাদন। স্বল্প ব্যয়ে বিনা চাষের রসুন উৎপাদনে লাভবান হচ্ছেন কৃষকরা। ফলে প্রতিবছরই ব্যাপকভাবে বাড়ছে মসলা জাতীয় এই কৃষিপণ্যের উৎপাদন।

তাড়াশ উপজেলা কৃষি অফিসের তথ্য মতে, অগ্রহায়ণ মাসের প্রথমেই সারিবদ্ধভাবে লাগানো এই রসুন প্রথমে ঢেকে দেয়া হয় ধানের খড় দিয়ে। পৌষ মাসে রসুনের পাতা গজানোর পর খড় পরিষ্কার করে প্রতি বিঘা জমিতে মাত্র দুই মণ সার দেয়ার পর প্রয়োজন অনুযায়ী এক বা দুইবার পানি সেচ দেয়ার মাধ্যমে সম্পন্ন হয় এর উৎপাদন প্রক্রিয়া।

এরপর চৈত্র বা বৈশাখ মাসে প্রতি বিঘা জমি থেকে প্রায় ২৫ থেকে ৩০ মণ উৎপাদিত রসুন সংগ্রহ করে বাজারজাত বা সংরক্ষণ করেন কৃষকরা। এ বছর রসুন উৎপাদন হয়েছে প্রতি বিঘায় গড়ে ৩০ মণ হারে। যা এক হাজার থেকে ১৫শ টাকা পর্যন্ত এবং শুকনো রসুন বিক্রি হচ্ছে প্রতি মণ ২ হাজার টাকা পর্যন্ত। তবে এই মূল্যে খুশি না কৃষকরা। তাদের দাবি বাজার মূল্য এমন হলে লোকসানে পড়তে হবে তাদের।

রসুন চাষি করিম প্রামানিক, আছের আলী, আজগর প্রামানিক, জাকিরুল ইসলাম, ফজলুর রহমান, হোসেন আলী, শাহাদত হোসেন জানান, প্রতিবিঘা জমির জন্য বীজ বাবদ ১০ থেকে ১২ হাজার টাকা, সার-কীটনাশক প্রায় ৭ হাজার, নিড়ানি ও সেচ বাবদ ৬ থেকে ৮ হাজার এবং কৃষি শ্রমিকের মজুরি ৬ থেকে ৮ হাজার টাকা খরচ হয়েছে। সব মিলিয়ে তাদের খরচ হয়েছে ৩৫ হাজার টাকার মত।আর ক্ষুদ্র বর্গাচাষিরা প্রতিবিঘা জমি ১০ থেকে ১২ হাজার টাকায় বর্গা নিয়ে আবাদ করায় তাদের খরচ আরো বেশি হয়েছে।

তাড়াশ উপজেলার রসুনচাষি আমজাদ হোসেন বলেন, বিনা চাষে রসুন আবাদ করেছি, সার বীজসহ প্রতি বিঘায় ৩০ থেকে ৩৫ হাজার টাকা খরচ হয়েছে। তিন থেকে চার হাজার টাকা দরে প্রতি মণ বিক্রি করতে পারলে আমরা লাভবান হতে পারব।

এ বিষয়ে তাড়াশ উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, চলতি মৌসুমে চলনবিলের তাড়াশ উপজেলায় ৪২৫ হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। যা গত বছর ছিল ৫৭০ হেক্টর। এ বছর ফলন বেশ ভালো পেয়েছেন চাষিরা। তবে দাম কম হওয়ায় লাভবান হতে পারছেন না তারা। চাষিদের রসুন ঘরে রেখে বাজার দর দেখে বিক্রির পরামর্শ দেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০