স্মল ক্যাপ রুলসের সংশোধনী প্রস্তাব অনুমোদন
প্রচ্ছদ » Breaking News || Slider || জাতীয় » স্মল ক্যাপ রুলসের সংশোধনী প্রস্তাব অনুমোদন
নিজস্ব প্রতিবেদক : স্বল্প ও মাঝারি মূলধনী কোম্পানিকে নিয়ে পুঁজিবাজারে একটি আলাদা লেনদেন ব্যবস্থা চালু করার জন্য করা স্মল ক্যাপ রুলসের সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে বিএসইসি। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) সূত্রে এই তথ্য জানা গেছে।
আজ বৃহস্পতিবার ৬৪২ তম কমিশন সভায় এই সংশোধনী প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়।
সভায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিজ) রুলস ২০১৬ এর কতিপয় বিধি সংশোধনের প্রস্তাব অনুমোদিত হয়। শিগগিরই তা জনমত যাচাইয়ের জন্য দৈনিক পত্রিকা এবং ওয়েব সাইটে প্রকাশ করা হবে।
সূত্রে জানা যায়, স্মল ক্যাপ রুলস বাস্তবায়নের আগেই এর সংশোধনী চাওয়া হয়েছে ডিএসই থেকে। কারণ স্বল্প মূলধনী কোম্পানির জন্য আইনের সংশোধনের পাশাপাশি মার্কেট মেকার আইনও লাগবে।
প্রয়োজনীয় অবকাঠামো তৈরি ও প্রস্তুতি সময় লাগবে। আর এই মার্কেট চালু করতেও সময় লাগবে বলে জানিয়েছে সূত্রটি।
এছাড়া আজকের সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জ ( লিস্টিং অব স্মল ক্যাপিটাল কোম্পানিজ ) রেগুলেশন ২০১৮ এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( লিস্টিং অব স্মল ক্যাপিটাল কোম্পানিজ ) রেগুলেশন ২০১৮ কতিপয় বিধিমালা সংশোধনী কমিশন অনুমোদন করেছে।
পাশাপাশি কমিশন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ( উল্লেখযোগ্য সংখ্যক শেয়ার অর্জন, অধিগ্রহণ এবং কর্তৃত্ব) বিধিমালা ২০১৮ এর কতিপয় সংশোধনী অনুমোদন করেছে কমিশন।
শিগগিরই তা জনমত যাচাইয়ের জন্য দৈনিক পত্রিকা এবং ওয়েব সাইটে প্রকাশ করা হবে।








