ব্যাংকে তারল্য সংকট নেই : ফজলে কবির
প্রচ্ছদ » Uncategorized » ব্যাংকে তারল্য সংকট নেই : ফজলে কবির
সিলেট প্রতিনিধি : ব্যাংকে তারল্য সংকট নেই বলে জানিয়েছেন বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ফজলে কবির।
তারল্য সংকট না থাকা সত্ত্বেও ব্যাংক ঋণ না পাওয়া প্রসঙ্গে তিনি বলেছেন, কোথাও মিস ম্যাচিং হচ্ছে। তা চিহ্নিত করে নতুন উদ্যোক্তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করতে হবে।
আজ রোববার বাংলাদেশ ব্যাংক সিলেটের প্রশিক্ষণ হলে এসইআইপি প্রকল্পের আওতায় প্রশিক্ষণ গ্রহণকারীদের আত্মকর্মসংস্থানে উদ্বুব্ধকরণের লক্ষ্যে ব্যাংকার-নতুন উদ্যোক্তা মতবিনিময় সভা ও ঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাংলাদেশ ব্যাংক ও অর্থমন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে প্রকল্প পরিচালিত হচ্ছে।
বাংলাদেশ ব্যাংক সিলেটের নির্বাহী পরিচালক মো. শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে ফজলে কবির এও জানান, নতুন উদ্যোক্তাদের ঋণ দেওয়ার জন্য ৭২ হাজার ৭০০ কোটি টাকা ব্যাংকে পড়ে আছে। এর মধ্যে রাষ্ট্রায়াত্ত মালিকানার ব্যাংকে রয়েছে ৪০ হাজার কোটি টাকা। তারপরও ব্যাংক থেকে ঋণ না পাওয়ায় বোঝা যায় কোথাও মিস ম্যাচিং হচ্ছে।
তিনি বলেন, নতুন লক্ষ্য এসডিজি ২০৩০ সালের মধ্যে অর্জন করতে হবে। তা বাস্তবায়ন করতে এসইআইপি প্রকল্প। ক্ষুদ্র-নতুন উদ্যোক্তাদের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে ও ব্যাংকের মাধ্যমে লোনের ব্যবস্থা করে অর্থনৈতিক উন্নয়নে গতি আনা। তিনি বলেন, এসডিজি কাউকে পেছনে রেখে নয়, সবাইকে নিয়ে এগিয়ে যাওয়া। সমাজের সুবিধা বঞ্চিতদের সুযোগ করে দিলে তারা অর্থনীতিতে বড় অবদান রাখতে পারবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসইআইপি প্রকল্পের নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব জালাল আহমেদ, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নামজানারা খানম।
অনুষ্ঠানে জানানো হয়, এই প্রকল্পের আওতায় সারা দেশে ১০ হাজার ৯৫০ জন সুবিধাবঞ্চিত তরুণকে প্রশিক্ষণ দেওয়া হবে। যাতে তারা দক্ষতা উন্নয়নের মাধ্যমে এসএমই খাতে উৎপাদনশীলতা বৃদ্ধির মাধ্যমে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখার পাশাপাশি নতুন উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারেন।
অনুষ্ঠানে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের আঞ্চলিক প্রধান, সিলেট বিভাগে প্রশিক্ষণসেবা প্রদানকারী ইউসেপ বাংলাদেশ ও টিএমএমএসের কর্মকর্তারা ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।








