গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জে ধানবোঝাই ট্রাক উল্টে তিন ধান কাটা শ্রমিক নিহত এবং অপর ১০ জন আহত হয়েছে। আজ সোমবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ সদর উপজেলার পাথালিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
হতাহতদের বাড়ি খুলনা জেলার বৈঠাঘাটা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে।
নিহতরা হলেন কামরুল কাজী (৬৫), মাইনুল (৫০) ও মাহামুদুল হাসান ময়না (৪০)।
দুর্ঘটনায় আহতরা হলেন রফিকুল ইসলাম (৩৮), আব্দুল রাজ্জাক (৩০), আনিস সরদার, শহিদ (৫০) এবং মাহমুদ (৫৫)। আহত বাকি পাঁচজনের পরিচয় জানা যায়নি।
গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি আহত রফিকুল ইসলাম বলেন, ‘আমরা সবাই ট্রাকে রাখা ধানের বস্তার ওপর বসা ছিলাম। হঠাৎ ট্রাকটি বাম পাশ থেকে ডান পাশে গিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকে থাকা ধানের বস্তা আমাদের শরীরের ওপর পড়ে।’
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বরিশালের অগৈলঝরার বাকলা গ্রামে ধান কেটে শ্রমিকরা তাদের ভাগের ধান নিয়ে ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথে ঘটনাস্থলে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।
গোলাম ফারুক আরো বলেন, ট্রাকটি খাদে পড়ে গেলে ট্রাকে থাকা ধানের বস্তা শ্রমিকদের শরীরের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই মাইনুল ও ময়না নিহত হন এবং অপর ১১ শ্রমিক আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ সদর হাসপাতালে আনে। এদের মধ্যে কামরুল কাজী গোপালগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।








