টাইগারদের নতুন কোচ স্টিভ রোডস
প্রচ্ছদ » Uncategorized » টাইগারদের নতুন কোচ স্টিভ রোডস
নিজস্ব প্রতিবেদক: আগেই জানা গিয়েছিল, বৃহস্পতিবার কোচ সম্পর্কিত কোনো ঘোষণা আসতে পারে। বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির সভাপতি আকরাম খান দু’দিন আগে জানিয়েছিলেন, বৃহস্পতিবার বিসিবিতে সাক্ষাৎকার দিতে আসবেন স্টিভ রোডস। আগেরদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে একই কথা জানিয়েছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
আজ (বৃহস্পতিবার) সকালেই ঢাকা এসে পৌঁছান সাবেক এই ইংলিশ ব্যাটসম্যান। দুপুরের মধ্যে বৈঠক করেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের সঙ্গে। দুপুর গড়িয়ে বিকেল হতে না হতেই ঘোষণাটা চলে আসলো, ‘আগামী দুই বছরের জন্য বাংলাদেশ ক্রিকেট দলের কোচ হচ্ছেন স্টিভ রোডস।’
চন্ডিকা হাথুরুসিংহে দায়িত্ব ছাড়ার পর ৬ মাসেরও বেশি সময় কোচশূন্য বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এরই মধ্যে ঘরের মাঠে প্রধান কোচ ছাড়াই তিন জাতি ক্রিকেট, শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট এবং টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজে খেলেছে টাইগাররা। ওই সময় দায়িত্ব পালন করেছিলেন রিচার্ড হ্যালসল এবং খালেদ মাহমুদ সুজন।








