ভারি বর্ষণে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত
প্রচ্ছদ » তথ্যপ্রযুক্তি » ভারি বর্ষণে কক্সবাজারের নিম্নাঞ্চল প্লাবিত
কক্সবাজার প্রতিনিধি: গত তিনদিন ধরে কক্সবাজারের সর্বত্র ভারি বর্ষণ চলছে। অতিবৃষ্টির ফলে জেলার মিঠাপানির তিন নদী চকরিয়ার মাতামুহুরি, ঈদগাঁওয়ের ফুলেশ্বরী ও কক্সবাজারের বাঁকখালীতে নেমেছে পাহাড়ি ঢল। ঢলের তীব্রতায় ভেঙে গেছে ঈদগাঁওয়ের নদীর বাঁশঘাটা ও পোকখালী এলাকার বাঁধ। এতে প্লাবিত হচ্ছে বৃহত্তর ঈদগাঁওয়ের পোকখালী ও ইসলামাবাদ এলাকার বেশ কিছু গ্রামের রাস্তা-ঘাট, বাসা-বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান ও ফসলের মাঠ।
ভাঙনের কবলে পড়েছে অভ্যন্তরীণ সড়কও। প্লাবিত হয়েছে জালালাবাদ, ঈদগাঁও, চৌফলদন্ডী ও কালিরছরা এলাকার বিস্তৃর্ণ এলাকা। কক্সবাজার শহর, চকরিয়া, পেকুয়াসহ বেশ কয়েকটি উপজেলার নিম্নাঞ্চলে একই অবস্থা বিরাজ করছে। গৃহবন্দি হয়ে পড়েছে শতশত মানুষ।
শনিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তিনদিনের গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে প্রায় ১১৪ মিলিমিটার। এর মাঝে রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে ২৩০ মিলিমিটার। থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। ফলে ঢলের তীব্রতা বাড়ছে। এ কারণে নামতে পারছে না সমতলের বৃষ্টির পানি। এতে পানিবন্দি হয়ে পড়ছে জেলার নিম্নাঞ্চলের শতাধিক গ্রামের কয়েক লাখ মানুষ।
এছাড়াও সোমবার ভোররাতে অতিবৃষ্টিতে মাটির দেয়াল চাপায় উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ই-৩ এফএফ জোনের বাসিন্দা আবদু শুক্কুরের তিন বছরের শিশু সন্তান আবদুর রহমান হারেছ মারা গেছে। এ সময় তার মা আছিয়া খাতুনও (৩৫) আহত হন।
আবহাওয়া অধিদফতর কক্সবাজার স্টেশনের কর্মকর্তা মুজিবুল হক জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের প্রভাবে শনিবার থেকে কক্সবাজার জেলায় বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। শনিবার সকাল ৬টা হতে রোববার সকাল ৬টা পর্যন্ত বৃষ্টিপাত রেকর্ড হয় ৯৪ মিলিমিটার। আর রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত বৃষ্টিপাত হয়েছে ২৩০ মিলিমিটার এবং সোমবার সকাল থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বৃষ্টিপাত হয় ১৬ মিলিমিটার। দিনের বেলা বৃষ্টিপাত কম হলেও থেমে থেমে বর্ষণ হয়। সন্ধ্যার পর থেকে রাতে আবারও ভারী বর্ষণ অব্যাহত ছিল। আবহাওয়ার পূর্বাভাস মতে এভাবে বর্ষণ আরও দুদিন অব্যাহত থাকতে পারে। সঙ্গে পাহাড় ধসেরও সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।
এদিকে বর্ষণ অব্যাহত থাকায় লোকালয়ে পানি ঢুকছে। প্লাবিত হচ্ছে কক্সবাজার শহরের হোটেল-মোটেল জোন, ঝিলংজা ইউনিয়নের চান্দেরপাড়া, খরুলিয়া, দরগাহপাড়া, পোকখালীর মধ্যম পোকখালী, নাইক্ষংদিয়া, চৌফলদন্ডী, নতুনমহাল, ঈদগাঁও বাজার এলাকা, কালিরছড়া, রামুর উপজেলার ধলিরছরা, রশিদনগর, জোয়ারিয়ানালা, উত্তর মিঠাছড়ি, পূর্ব ও পশ্চিম মেরংলোয়া, চাকমারকুল, কলঘর, লিংকরোড়, চকরিয়া পৌরসভার বেশিরভাগ এলাকা প্লাবিত হয়েছে।








