মডার্ন ডাইং, রহিমা ফুডকে তালিকাচ্যুত করেছে ডিএসই
প্রচ্ছদ » Uncategorized » মডার্ন ডাইং, রহিমা ফুডকে তালিকাচ্যুত করেছে ডিএসই
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ২ কোম্পানি রহিমা ফুড এবং মডার্ন ডাইং অ্যান্ড স্ক্রিন প্রিন্টিং কে তালিকাচ্যুত করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। লোকসানী কোম্পানি হওয়ার পরেও অস্বাভাবিক হারে দর বৃদ্ধি ও কারসাজির কারণে এই সিদ্ধান্ত নিয়েছে ডিএসই পর্ষদ।
এনিয়ে ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন বলেন, কোম্পানি ২টির ৩ বছরের অধিক সময় ধরে উৎপাদন বন্ধ রয়েছে। ডিএসই থেকে বার বার যোগাযোগ করার চেষ্টা হলেও কোনো ইতিবাচক ফল আসেনি।
খোঁজ নিয়ে জানা গেছে, তাদের উৎপাদনে আসারও কোনো সম্ভাবনা নেই। এই ২ কোম্পানি নিয়ে বাজারে বারবার কারসাজি করছে বিভিন্ন চক্র। তাতে সাধারণ বিনিয়োগকারী ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারসাজি বন্ধ এবং সাধারণ বিনিয়োগকারীদের বাঁচাতে এই সিদ্ধান্ত নিয়েছে ডিএসইর পরিচালনা পর্ষদ।
কোম্পানি ২টির তালিকাচ্যুতি আগামিকাল থেকে কার্যকর হবে বলে জানা গেছে।
১৯৯৭ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রহিমা ফুড। ২০১৩ সালের ১৩ জুন থেকে কোম্পানিটির উৎপাদন বন্ধ রয়েছে। স্বল্প মূলধনের এই কোম্পানিটির নিকট ভবিষ্যতে উৎপাদন শুরু হওয়ার কোনো সম্ভাবনা নেই।
তবে কারসাজি চক্র কোম্পানিটির শেয়ার দরটি বাড়িয়ে চলেছে। আজ বুধবার শেয়ারটি ১৭৪.৭০ টাকায় সর্বশেষ লেনদেন হয়।
আর ২০১০ সালের ৩১ জানুয়ারি থেকে উৎপাদন বন্ধ রয়েছে মডার্ণ ডাইং অ্যান্ড স্ত্রিন প্রিন্টিংয়ের। প্লান্ট, শ্রমিক ও গ্যাসের সমস্যা এবং মেশিনের কার্যকারিতা অনেক কম হওয়ার কারণে উৎপাদন বন্ধ রয়েছে। যাতে ওই বছরের ৩ আগস্ট বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতিক্রমে কারখানার জায়গা দীর্ঘমেয়াদে গোডাউনের জন্য ভাড়া দেওয়া হয়েছে। আজ শেয়ারটি ৩২৬ টাকা ৩০ পয়সায় সর্বশেষ লেনদেন হয়েছে।








