টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু
প্রচ্ছদ » খেলা » টানা বৃষ্টিতে কক্সবাজারে পাহাড় ধসে ৫ জনের মৃত্যু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টানা বৃষ্টিতে পাহাড় ধসে কক্সবাজার শহর ও রামুতে চার ভাইবোনসহ পাঁচজনের মৃত্যু হয়েছে; আহত হয়েছে আরও দুইজন। বুধবার সকালে এ ঘটনা ঘটে।
বুধবার সকাল সোয়া ৬টায় কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকা এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের পানিরছড়া এলাকায় পাহাড় ধসের ঘটনা ঘটে বলে কক্সবাজার ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. সাফায়েত হোসেন জানান।
জানা গেছে, বুধবার সকাল সোয়া ৬টার দিকে কক্সবাজার শহরের দক্ষিণ রুমালিয়ারছড়া বাঁচামিয়ার ঘোনা এলাকায় পাহাড় ধসে একই পরিবারের চার শিশু নিহত হয়েছে। নিহতরা হলেন- বাঁচামিয়ার ঘোনা এলাকার মালয়েশিয়া প্রবাসী জামাল হোসেনের চার সন্তান আব্দুল হাই (৬), খাইরুন্নেছা (৮), কাফিয়া আক্তার (১০) ও মর্জিয়া আক্তার (১৫)। তাদের মা ছেনুয়ারা বেগমও এ ঘটনায় আহত হয়েছেন।
নিহতদের মামা খোরশেদুল আলম জানান, ভোরে উঠে নিহতদের মা বাড়ির বাইরে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বাড়ির পাশের পাহাড় ধসে ঘরের ওপর পড়ে। এতে ঘুমন্ত চার শিশু মাটির নিচে চাপা পড়লে মা চিৎকার করায় আশপাশের লোকজন এগিয়ে আসে। তাৎক্ষণিক স্থানীয় মসজিদের মাইকেও ঘোষণা দিয়ে মানুষ ডাকা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কক্সবাজার সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, হাসপাতালে আনার আগেই তারা মারা যায়।
এদিকে রামুর দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের প্যাঁচারঘোনা এলাকায় পাহাড় ধসে মাটিচাপা পড়ে মোরশেদ আলম (৬) নামে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। বুধবার ভোর সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোর্শেদ ওই এলাকার জাফর আলমের ছেলে।
সদর হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক জানান, ভোরে ওই বাড়িটির ওপর পাহাড় ধসে পড়লে ৩ জন চাপা পড়ে। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মোরশেদকে মৃত ঘোষণা করেন।








