আমান কটন : লটারিতে প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » আমান কটন : লটারিতে প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আমান কটন ফেব্রিক্সের আইপিও লটারিতে বরাদ্দ প্রাপ্ত শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে আজ বৃহস্পতিবার। সিডিবিএল সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটির শেয়ার সিডিবিএলের মাধ্যমে আজ বৃহস্পতিবার (২৬ জুলাই) বিনিয়োগকারীদের বিও হিসাবে জমা হয়েছে।
এর আগে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) সম্পন্ন করা আমান কটন ফেব্রিক্সকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
গত ৪ জুলাই রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মিলনায়তনে কোম্পানির আইপিও লটারি অনুষ্ঠিত হয়। গত ৩ জুন থেকে ১০ জুন পর্যন্ত কোম্পানির আইপিও আবেদন চলে। কোম্পানিটি গত ৩ এপ্রিল বৃহস্পতিবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে সম্মতিপত্র পায়। আর গত ১৩ ফেব্রুয়ারি নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি কোম্পানিটির আইপিও অনুমোদন দেয়।
বুক বিল্ডিং পদ্ধতিতে বিডিংয়ের মাধ্যমে আমান কটন ফাইবার্সের শেয়ারের কাট-অফ প্রাইস নির্ধারিত হয়েছিলো ৪০ টাকা। সেই দামের ১০ শতাংশ কমে সাধারণ বিনিয়োগকারীরা ৩৬ টাকা দরে শেয়ার কিনতে পারবেন। সাধারণ বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রি করতেই কমিশন এই দাম অনুমোদন করেছে।
এর আগে গত বছরের ১২ সেপ্টেম্বর কোম্পানিটির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে শেয়ার বিক্রির জন্য নিলামের অনুমতি দেয় বিএসইসি।
কোম্পানিটি প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে পুঁজিবাজার থেকে ৮০ কোটি টাকা সংগ্রহ করবে। পুঁজিবাজার থেকে সংগ্রহ করা অর্থের একটি বড় অংশ দিয়ে কারখানায় আধুনিক মেশিনারি স্থাপন করা হবে। এতে ব্যয় করা হবে ৪৯ কোটি ৩৭ লাখ ৯৮ হাজার টাকা।
কোম্পানির তথ্য কণিকা থেকে জানা যায়, আইপিওতে উত্তোলিত অর্থ থেকে ১৭ কোটি ১২ লাখ টাকা ব্যয় হবে ঋণ পরিশোধে। ওয়ার্কিং মূলধন হিসাবে ব্যয় করা হবে ১০ কোটি টাকা। আর আইপিওতে ব্যয় হবে সাড়ে ৩ কোটি টাকা। কোম্পানির প্রতিটি শেয়ারের অভিহিত মূল্য হবে ১০ টাকা।
৩০ জুন ২০১৬ সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির স্থায়ী সম্পদের পুনর্মূল্যায়ণসহ নিট সম্পদ মূল্য হয়েছে ৩৫ টাকা ৬৩ পয়সা। বিগত ৫ বছরের আর্থিক বিবরণী অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি গড় আয় (ইপিএস) হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা।








