নিজস্ব প্রতিবেদক: উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে আজ বৃহস্পতিবার দেশের সব স্কুল-কলেজ বন্ধ করতে নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার রাতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের (মাউশি) মহাপরিচালক মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, আমরা বিকেলে জরুরি সভা করে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্ত নেই। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়। কিন্তু রাত ৮টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসাইন আমাকে ফোন করে জানিয়েছেন, বর্তমানে উদ্ভূত পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থ বিবেচনা করে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি মাউশি ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তবে শনিবার থেকে যথারীতি খোলা থাকবে।
এদিকে আজ দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বুধবার রাত ১০টায় প্রাথমিক শিক্ষা অধিদফতর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনা করে শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে বৃহস্পতিবার সারাদেশের সকল প্রাথমিক বিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। শনিবার থেকে আবারও যথাযথ বিদ্যালয় খোলা রাখা রাখতে নির্দেশনা দেয়া হয়েছে।
গত রোববার কুর্মিটোলা এলাকায় বাসচাপায় দুই কলেজশিক্ষার্থী নিহত হওয়ার ঘটনায় চারদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। যান চলাচল বন্ধ হয়ে জনজীবনে মারাত্মক দুর্ভোগের সৃষ্টি হয়।








