অলিম্পিক ইন্ডাস্ট্রিজ শেয়ার কেলেঙ্কারী : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৩ সেপ্টেম্বর
প্রচ্ছদ » Uncategorized » অলিম্পিক ইন্ডাস্ট্রিজ শেয়ার কেলেঙ্কারী : পরবর্তী সাক্ষ্যগ্রহণ ২৩ সেপ্টেম্বর
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেয়ার কেলেঙ্কারীর মামলায় অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের মামলার সাক্ষ্যগ্রহণ আজ মঙ্গলবার শুরু হয়েছে। এদিন পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইবুন্যালে মামলার বাদী বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক নির্বাহী পরিচালক এম. এ রশীদ খান সাক্ষ্য দিয়েছেন। আগামী ২৩ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণ পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে।
সাক্ষ্যগ্রহণের সময় ট্রাইব্যুনালে সরকার পক্ষের আইনজীবী মাসুদ রানা এবং আসামি পক্ষের আইনজীবী বোরহান উদ্দিন ও মোশারফ হোসেন কাজল উপস্থিত ছিলেন।
এর আগে অলিম্পিক ইন্ডাস্ট্রিজের পরিচালক আজিজ মোহাম্মদ ভাই এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল পুঁজিবাজার বিষয়ক বিশেষ ট্রাইবুন্যাল। ট্রাইবুন্যালের বিচারক মো. আকবর আলী শেখ পরোয়ানা জারি করেন। ওই সময় ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারীর জন্য দায়ের করা অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মামলার চার্জ গঠন হয়েছে। মামলাটির পরবর্তী বিচার কার্যের জন্য আজ ১৮ সেপ্টেম্বর ধার্য ছিল।
এর আগে ৭ আগস্ট মামলাটির চার্জ গঠনের জন্য পূর্বনির্ধারিত থাকলেও তা পিছিয়ে ২৯ আগস্ট করা হয়েছিল। ওইদিন বাদী ও বিবাদি উভয়পক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে ট্রাইবুন্যাল তা মঞ্জুর করে আজকের দিন ধার্য করেছিল। কিন্তু আদালতে আজিজ মোহাম্মদ ভাই অনুপস্থিত ছিলেন। তবে তার আইনজীবী বোরহান উদ্দিন ও মোশাররফ হোসেন কাজল সময় আবেদন করেন, তা ট্রাইব্যুনাল নাকচ করেন।
গত ২৪ জুলাই ট্রাইবুন্যালে উচ্চ-আদালতের স্থগিতাদেশ প্রত্যাহারের কপি দাখিলের মাধ্যমে মামলাটির বিচার কাজ শুরু হয়েছে। এ মামলার আসামী হলেন অলিম্পিক ইন্ডাস্ট্রিজসহ মোহাম্মদ ভাই ও আজিজ মোহাম্মদ ভাই। এর মধ্যে মোহাম্মদ ভাই চলতি বছরের ৯ জানুয়ারি মারা গেছেন।
অলিম্পিক ইন্ডাষ্ট্রিজের শেয়ার কেলেঙ্কারীর মামলা ১৯৯৯ সালে দায়ের করা হয়েছে। পরবর্তীতে মামলাটি ২০১৩ সাল থেকে স্থগিত রয়েছে। যা ২০১৫ সালে শেয়ারবাজার বিষয়ক ট্রাইবুন্যালে স্থানান্তরিত হয়েছে। তবে উচ্চ-আদালতের নির্দেশে এতদিন মামলাটির বিচার কাজ বন্ধ ছিল। গত বছরের ৩০ নভেম্বর উচ্চ-আদালত এ মামলার স্থগিতাদেশ বাতিল করে।
উল্লেখ, ১৯৯৬ সালে শেয়ার কেলেঙ্কারীর মাধ্যমে বিনিয়োগকারীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগে মামলাটি দায়ের করা হয়।








