পুলিশদের ইসির নির্দেশনা বাস্তবায়নের আদেশ
প্রচ্ছদ » Uncategorized » পুলিশদের ইসির নির্দেশনা বাস্তবায়নের আদেশ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পুলিশের মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।
সোমবার ডিএমপি হেডকোয়ার্টার্সের অক্টোবরের মাসিক ক্রাইম কনফারেন্সে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের এই নির্দেশনা দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।
কনফারেন্সে উপস্থিত পুলিশের অতিরিক্ত সহকারী কমিশনার পদমর্যাদার একজন কর্মকর্তা বলেন, ক্রাইম কনফারেন্সের অধিকাংশ সময় জুড়েই নির্বাচনের নিরাপত্তা নিয়ে আলোচনা করা হয়েছে। কনফারেন্সে ডিএমপি কমিশনার বলেন, অবাধ ও সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তারা কমিশনের ঘোষিত ও বিভিন্ন সংস্থার নির্দেশনাগুলোকে বাস্তবায়ন করবে। নির্বাচনকে কেন্দ্র করে কেউ যাতে নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
কনফারেন্সে উপস্থিত মিরপুর বিভাগের একটি থানার ওসি বলেন, কনফারেন্সে যেসব এলাকা নির্বাচনকালীন ঝুঁকিপূর্ণ সেখানে পুলিশি তৎপরতা বাড়াতে বলেছেন ডিএমপি কমিশনার। ঝুঁকিপূর্ণ নির্বাচনী এলাকায় পুলিশের ভূমিকা জোরদার ও সতর্ক থাকতে বলা হয়েছে। পুলিশ সদস্যদের নিজেদের নিরাপত্তার স্বার্থে রায়ট গিয়ার (হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট, লেগগার্ড) পড়ে ডিউটিতে যাওয়ার নির্দেশনা পুনরায় ব্যক্ত করেছেন। একই সঙ্গে ডিউটি চলাকালে মোবাইল ফোন ব্যবহার না করার নির্দেশনাও দিয়েছেন ডিএমপি কমিশনার।
সোমবার প্রধান নির্বাচন কমিশনারের ঘোষিত পুনঃতফসিল অনুযায়ী চলতি বছরের ৩০ ডিসেম্বর (রোববার) একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এদিকে নির্বাচনকে কেন্দ্র করে ইতোমধ্যে শনিবার রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাদেক খানের সমর্থকদের সংঘর্ষ হয়। এতে দুই যুবক নিহত হয়।
সূত্র জানায়, কনফারেন্সে এ বিষয়ে সরাসরি কিছু না বললেও ওয়ারেন্টভুক্ত আসামি এবং যারা নির্বাচনকে কেন্দ্র করে দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্ন ঘটাবে তাদের গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন কমিশনার।
ক্রাইম কনফারেন্স শেষে অক্টোবরে ভালো কাজের স্বীকৃতি হিসেবে কয়েকজন পুলিশ কর্মকর্তাকে পুরস্কৃত করা হয়।








