চট্টগ্রামের ৬ ভেন্যুতে আজ ‘মক ভোটিং’
প্রচ্ছদ » Uncategorized » চট্টগ্রামের ৬ ভেন্যুতে আজ ‘মক ভোটিং’
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: আসন্ন একাদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের চারটি ভেন্যুতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আজ শনিবার সকাল ১০টা থেকে সংশ্লিষ্ট ভেন্যুতে ভোটারদের সম্পৃক্ত করতে ভোট গ্রহণ কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত কারিগরি দলের সমন্বয়ে প্রশিক্ষণ (মক) ভোট গ্রহণ করা হবে।
জানা গেছে, চট্টগ্রাম-৯ কোতোয়ালি-বাকলিয়া আসনে চট্টগ্রাম সিটি কর্পোররেশনের (চসিক) ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড দিয়ে ইভিএমে ‘মক ভোটিং’ কার্যক্রম শুরু হচ্ছে। চারটি ভেন্যুতে সকাল ১০টা থেকে ‘মক ভোটিং’ শুরু হবে।
ভেন্যুগুলো হলো- চসিকের ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড কাউন্সিলর কার্যালয়, রেলওয়ে হাসপাতাল কলোনি, এনায়েত বাজার বিশ্ববিদ্যালয় কলেজ ও চট্টগ্রাম সিটি করপোরেশন অপর্ণা চরণ বালিকা উচ্চ বিদ্যালয়।
জেলা নির্বাচন অফিসার মো. মুনির হোসাইন খান বলেন, ‘চট্টগ্রাম-৯ কোতোয়ালি আসনের ওয়ার্ডে ওয়ার্ডে আমরা ইভিএমের প্রদর্শনী করবো। সকাল ১০টা থেকে ২২ নম্বর এনায়েত বাজার ওয়ার্ড দিয়ে এ কার্যক্রম শুরু করবো। ভোটারদের দেখাবো কিভাবে ইভিএমে ভোট দিতে হয়। এতে ভোটাররা ‘ডামি ভোট’ দিতে পারবেন।’
এদিকে, নির্বাচনে ইভিএমে ভোটগ্রহণের জন্য প্রতি মেশিনের বিপরীতে সর্বোচ্চ ৪৫০ জন ভোটার রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সহকারী সচিব (নির্বাচন পরিচালনা-১) রৌশন আরা বেগম স্বাক্ষরিত একটি নির্দেশনা গতকাল জেলা নির্বাচন অফিসে এসেছেন।
জেলা নির্বাচন অফিসার মো. মুনির হোসাইন খান বলেন, ‘প্রতি বুথে একটি ইভিএম রাখা হবে। একটি ইভিএমে সর্বোচ্চ ৪৫০ জন ভোটার রাখার নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন।’
চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৯০ হাজার ৪৩১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৪টি এবং ভোট কক্ষের সংখ্যা ৭২৫টি। এ আসনে ৭২৫টি ইভিএমে ভোট গ্রহণ করা হবে। ৫ শতাংশ অতিরিক্তসহ মোট প্রিজাইডিং অফিসার ১৫১ জন, সহকারী প্রিজাইডিং অফিসার ৯৬৬ জন এবং পোলিং অফিসার ১ হাজার ৯৩২ জন এ আসনে ভোট গ্রহণে কাজ করবেন।








