নতুন কমপ্লেক্সে ফ্লোর বরাদ্দের আবেদন চেয়েছে বিজিএমইএ
প্রচ্ছদ » Uncategorized » নতুন কমপ্লেক্সে ফ্লোর বরাদ্দের আবেদন চেয়েছে বিজিএমইএ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর উত্তরায় তৈরি পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারকদের সমিতি বিজিএমইএর অনুকূলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) বরাদ্দকৃত জমিতে চলছে নতুন ভবন নির্মাণ। এ নতুন ভবনে ফ্লোর/স্পেস বরাদ্দ অথবা লিজ নিতে আবেদন করার জন্য সদস্যদের আহ্বান জানিয়েছে বিজিএমইএ।
১২ ডিসেম্বর এক বিজ্ঞপ্তির মাধ্যমে সদস্যদের কাছ থেকে আবেদন চেয়েছে বিজিএমইএ। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজউক কর্তৃক উত্তরায় (তৃতীয় পর্ব) বিজিএমইএর অনুকূলে বরাদ্দকৃত ১১০ কাঠা জমিতে নির্মাণাধীন ভবনে ফ্লোর স্পেস বরাদ্দ দেয়া হচ্ছে। নতুন বিজিএমইএ কমপ্লেক্সে ফ্লোর-স্পেস বরাদ্দ অথবা লিজ গ্রহণের আবেদন করার জন্য আগ্রহী সদস্যদের প্রতি অনুরোধ করা হচ্ছে।
রাজউক ও বিজিএমইএর মধ্যে স্বাক্ষরিত লিজ চুক্তির ২২ নং ধারার কারণে স্পেস ও ফ্লোর বরাদ্দ এবং হস্তান্তরের ক্ষেত্রে প্রতিবন্ধকতা ছিল। এ পরিপ্রেক্ষিতে ধারাটি বাতিলের অনুরোধ করা হলে রাজউক তা মেনে নেয়। বিজ্ঞপ্তিতে এ বিষয়টিও উল্লেখ করা হয়েছে।
গত বছর শর্তসাপেক্ষে রাজধানীর উত্তরায় জমি বরাদ্দ পায় বিজিএমইএ। সম্প্রসারিত উত্তরা তৃতীয় পর্ব আবাসিক এলাকায় বিজিএমইএকে ১১০ কাঠা জমি বরাদ্দ দেয় রাজউক। কাঠাপ্রতি জমির দাম ২০ লাখ টাকা। জমির প্রাথমিক মূল্য ধরা হয়েছে ২২ কোটি টাকা।
জমির চূড়ান্ত বরাদ্দ দিতে রাজউক মোট ১৯টি শর্ত পরিপালনের বাধ্যবাধকতা নির্ধারণ করে দিয়েছে। এর মধ্যে প্রথমেই রয়েছে জমির মূল্য পরিশোধের বিষয়। এককালীন ও কিস্তি— দুই উপায়েই জমির মূল্য পরিশোধ করতে পারবে বিজিএমইএ।
চলতি বছরের ২ এপ্রিল রাজধানীর হাতিরঝিল লেকে অবৈধভাবে নির্মিত বহুতল ভবন ভাঙতে বিজিএমইএকে আরো এক বছরের সময় মঞ্জুর করেন আপিল বিভাগ। ওই সময় বিজিএমইএ কর্তৃপক্ষ ভবন ভাঙতে আর সময় চাইবে না বলে সংশোধিত মুচলেকা জমা দেয়।








