শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
প্রচ্ছদ » Uncategorized » শপথ নিলেন নবনির্বাচিত সংসদ সদস্যরা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিরা শপথ নিয়েছেন। বৃহস্পতিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে শপথ অনুষ্ঠান শুরু হয়। শপথ অনুষ্ঠানের শুরুতেই সংসদ সদস্য (এমপি) হিসেবে সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী নিজেই নিজের শপথবাক্য পাঠ করেন। নিয়ম অনুযায়ী তিনি তার শপথ নেন। পরে একযোগে সবাইকে শপথ পাঠ করান তিনি। সকাল ১১:১০ মিনিটে স্পিকার শপথ গ্রহণ করেন। তার আগে সকাল ১১:০০টায় শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়।
এর আগে, মঙ্গলবার (১ জানুয়ারি) রাতে কমিশন নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (জনসংযোগ) এস এম আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন।
সংসদ নির্বাচনের ফল গেজেট আকারে প্রকাশের তিন দিনের মধ্যে শপথ গ্রহণের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। এরপর ৩০ দিনের মধ্যে অধিবেশন ডাকতে হবে।
একাদশ সংসদের প্রথম অধিবেশন শুরুর ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদের স্পিকারকে অবহিত না করলে বা শপথ না নিলে সদস্যপদ খারিজ হয়ে যাবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টি আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এদিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়া ২৯৯টি আসনের মধ্যে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের ৩টি কেন্দ্রে গোলযোগের কারণে ভোটগ্রহণ স্থগিত করে নির্বাচন কমিশন। এ কারণে এই আসনে পুনঃতফসিল ঘোষণা করা হয়েছে। বাকি ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ ও মহাজোটের শরিকরা মিলে (জাতীয় পার্টি, ওয়ার্কার্স পাটি, জাসদ, তরিকত ফেডারেশন, জাতীয় পার্টি-জেপি মঞ্জু) মোট ২৮৮টি আসনে বিজয়ী হয়। এছাড়া ড. কামাল হেসেনের নেতৃত্বে বিএনপিসহ গণফোরাম, জামায়াত নিয়ে গঠিত জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি এবং ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন।








