অনিশ্চিত ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ এসএ গেমস
প্রচ্ছদ » Uncategorized » অনিশ্চিত ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ এসএ গেমস
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পঁয়ত্রিশ বছর আগে নেপালের কাঠমান্ডু থেকে যাত্রা করা দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এসএ গেমস শুরুর দিকে অনেকটা নিয়মিতই ছিল। ১৯৮৪ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত ‘দক্ষিণ এশিয়ার অলিম্পিক’ হিসেবে পরিচিতি পাওয়া এ গেমস এক বছর পরপরই অনুষ্ঠিত হয়েছে।
তারপর থেকেই অনিয়মিত। কখনো ২ বছর পর, কখনো তিন-চার বছর পরও হয়ে আসছে এই গেমস। ২০১৬ সালে সর্বশেষ হয়েছে ভারতের শিলং ও গুয়াহাটিতে। সিডিউল অনুযায়ী গত বছর হওয়ার কথা ছিল গেমসের তেরতম আসর। হয়নি। পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ হয়েছে চলতি বছরের ৯ থেকে ১৮ মার্চ। কিন্তু এ বছরও গেমস অনিশ্চিত।
শুক্রবার অনিশ্চিতের কথা জানালেন বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের উপ-মহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। বিওএর উর্ধ্বতন এ কর্মকর্তা বলেছেন, ‘আমরা নানাভাবে চেষ্টা করেছি আয়োজক নেপালের কাছ থেকে মার্চে গেমস হওয়ার নিশ্চয়তা পেতে। যতটুকু জানি নেপাল মার্চে গেমস আয়োজন নাও করতে পারে।’
তাহলে কবে হতে পারে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় এ গেমস? কোনো উত্তর নেই বিওএর উপমহাসচিবের কাছে। আসাদুজ্জামান কোহিনুরের প্রত্যাশা মার্চে না হলেও আগস্টের দিকে গেমস হবে। আর এ বছর না হলে পরের বছরও হবে না। ‘২০২০ সালে অলিম্পিক গেমস আছে। ২০১৯ সালে না হলে এসএ গেমস চলে যেতে পারে ২০২১ সালে’- বলেন বিওএর উপমহাসচিব।
আভ্যন্তরীন সমস্যায় মার্চে গেমস করতে না পারলেও নেপাল চূড়ান্ত কিছু বলেনি এখনো। যে কারণে অংশগ্রহণকারী দেশগুলো প্রস্তুতিতেও জোর দিতে পারছে না। অনুশীলন শুরু নিয়ে দোটানায় বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনও। এমনিতেই গেমসের ট্রেনিং নিয়ে তীক্ত অভিজ্ঞতা আছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের।
গত জাকার্তা-পালেমবাং এশিয়ান গেমসের অনুশীলনের জন্য ৬ কোটি টাকা চেয়ে তা পায়নি সময়মতো। জোড়াতালির অনুশীলন করে দল পাঠানোর কুফলও পেয়েছে বাংলাদেশ। ৩২ বছর পর এশিয়ান গেমস থেকে খালি হাতে ফিরতে হয়েছে লাল-সবুজের দেশের ক্রীড়াবিদদের।
গেমসে ডিসিপ্লিন ২৭টি। এর মধ্যে বাংলাদেশের অংশ নেয়ার সম্ভাবনা ২৩টিতে। এক আসর বিরতি দিয়ে দক্ষিণ এশিয়ার এই গেমসে ক্রিকেট ফিরছে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে সম্ভাব্য ফেডারেশনগুলোকে নিজেদের উদ্যোগে অনুশীলন শুরুর তাগিদ দিয়েছে; কিন্তু গেমসের তারিখ ঠিক না হওয়ায় অনুশীলনেও অনিশ্চয়তা। বিওএ ফেডারেশনগুলোকে বলেছেন, ‘তোমরা অনুশীলন শুরু করো। টাকা পাওয়া গেলে তা সমন্বয় করা হবে।’
নেপাল যদি শেষ পর্যন্ত গেমস আয়োজন না করে সে ক্ষেত্রে বাংলাদেশের কোনো আগ্রহ আছে কিনা এমন প্রশ্নের জবাবে আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘নেপাল না করলে শ্রীলংকা দাবিদার। তারা না করলে সুযোগ পাবে পাকিস্তান। বাংলাদেশের সিরিয়ালতো দূরে। তারপরও কোনো কিছুতে শেষ বলে কথা নেই। তাছাড়া গেমস আয়োজনে প্রথম দরকার হয় সরকারের অনুমতি। বাজেটের বিষয়ও আছে। এসবের নিশ্চয়তা পেলে আমাদের মহাসচিব নিশ্চয় চেষ্টা করবেন।’
২০১৬ সালে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত এসএ গেমসে বাংলাদেশ ৪ টি স্বর্ণ, ১৫টি রৌপ্য ও ৫৬ টি তাম্র পদক পেয়েছিল। ৪ স্বর্ণের দুটি পেয়েছিলেন সাঁতারু মাহফুজা খাতুন শিলা। বাকি দুটি পেয়েছেন ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত ও শ্যুটার শাকিল আহমেদ।








