নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
প্রচ্ছদ » Uncategorized » নতুন মুদ্রানীতি ঘোষণা আজ
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ২০১৮-১৯ অর্থবছরের দ্বিতীয়ার্ধের (জানুয়ারি-জুন) মুদ্রানীতি ঘোষণা করা হবে আজ । কেন্দ্রীয় ব্যাংকের সভাকক্ষে গভর্নর ফজলে কবির নতুন মুদ্রানীতি ঘোষণা করবেন। বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক জী. এম. আবুল কালাম আজাদ এই তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, আজ সকাল সাড়ে ১১টায় বাংলাদেশ ব্যাংকের মূল ভবনের পঞ্চম তলায় জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে নতুন মুদ্রানীতি ঘোষণা করা হবে।
জানা গেছে, নতুন মুদ্রানীতিতে বিভিন্ন লক্ষ্যমাত্রা প্রাক্কলনের ক্ষেত্রে খুব একটা পরিবর্তন আসছে না। কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও মুদ্রানীতির কৌশল নির্ধারণে বিভিন্ন পক্ষের সঙ্গে মতবিনিময় করেছে কেন্দ্রীয় ব্যাংক।
সর্বশেষ মুদ্রানীতিতে (জুলাই’১৮-ডিসেম্বর’১৮) বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জিত হয়নি। ১৬ দশমিক ৮০ শতাংশ লক্ষ্যমাত্রার বিপরীতে অর্জিত হয়েছে ১৩ দশমিক ২০ শতাংশ প্রবৃদ্ধি, যা লক্ষ্যমাত্রার চেয়ে ২১ দশমিক ৪২ শতাংশীয় পয়েন্ট কম।
নতুন মুদ্রানীতিতে বিনিয়োগ, প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়ানোর বিষয়কে প্রাধান্য দেওয়া প্রয়োজন বলে মনে করছেন অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা।
এদিকে বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, এবারের মুদ্রানীতিতে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টি এবং প্রবৃদ্ধি হার বাড়ানোর বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।








