সাবেক স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামীর মৃত্যু
প্রচ্ছদ » Uncategorized » সাবেক স্ত্রীকে হত্যার পর পালাতে গিয়ে স্বামীর মৃত্যু
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈরে ফাহিমা আক্তার নামে এক নারী পোশাক শ্রমিককে কুপিয়ে হত্যা করেছে তার সাবেক স্বামী। ঘটনার পর পালাতে গিয়ে তারও মৃত্যু হয়েছে। শনিবার রাতে উপজেলার খোলারটেকি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ফাহিমা আক্তারের বাড়ি শেরপুর সদর উপজেলার রাইচপাড়া এলাকায়। তিনি কালিয়াকৈর উপজেলার খোলারটেকি এলাকার বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পুলিশ জানায়, রাতে ফাহিমার সাবেক স্বামী মফতুল ইসলাম ভাড়াবাড়িতে এসে অতর্কিতভাবে তাকে চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। পরে এলাকাবাসী ধাওয়া করলে পাশে পুকুরের ঝাঁপ দেন মফতুল ইসলাম। এ সময় পুকুরের পানিতে থাকা একটি রড তার পেটের ভেতর ঢুকলে তিনি আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কালিয়াকৈর থানা পুলিশের ওসি (তদন্ত) আবুল কাশেম জানান, মরদেহ দুটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।








