চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই নসিমন উল্টে নিহত ৩
প্রচ্ছদ » Uncategorized » চাঁপাইনবাবগঞ্জে ধানবোঝাই নসিমন উল্টে নিহত ৩
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ধানবোঝাই একটি নসিমন উল্টে তিন শ্রমিক নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন নসিমন চালকসহ আটজন।
মঙ্গলবার রাতে গামস্তাপুরের পিরাসন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ধোবড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩২), আব্দুর রাজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৮) ও মৃত মোন্তাজ আলীর ছেলে মোজাফফর হোসেন (৬২)। আহতরা হলেন- একই এলাকার মুকিম, পিয়ারুল, রবু, দুলাল, ওমর, আমিনুল, মান্নান ও সাদ্দাম। হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক।
গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বরেন্দ্র অঞ্চলে ধান কেটে একটি নসিমনে করে ১০-১২ শ্রমিক শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে নসিমনটি গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। এসময় ধানের বস্তার নিচে চাপা পড়ে মারা যায় তিন শ্রমিক। এসময় আহত হয়েছেন আরও আটজন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বলে জানান ওসি।








