ভাগ্য গণনা করেও নিজের ভাগ্য বলতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা
প্রচ্ছদ » Uncategorized » ভাগ্য গণনা করেও নিজের ভাগ্য বলতে না পারায় ৫০ হাজার টাকা জরিমানা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: রাজধানীর পান্থপথে অবস্থিত বসুন্ধরা সিটির ভাগ্য গণনাকারী প্রতিষ্ঠান শেষ দর্শন আজমেরী জেমসকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
বুধবার বিকেলে অভিযান চালিয়ে প্রতিষ্ঠানকে এ জরিমানা করা হয়।
ঢাকা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মনজুর মোহাম্মদ শাহরিয়ারের সার্বিক তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক মো. আব্দুল জব্বার মণ্ডল, সহকারী পরিচালক মো. মাসুম আরিফিন ও আফরোজা রহমান।
এ সময় উপস্থিত ছিলেন নাগরিক সমাজের প্রতিনিধি বিশিষ্ট কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
শাহরিয়ার বলেন, শেষ দর্শনের কাছে তিনটা বিষয় জানার ছিল, প্রথমতো তারা যে পাথরগুলো বিদেশ থেকে নিয়ে আসে তার আমদানিকারকের স্টিকার আছে কি-না, দ্বিতীয় তাদের কাছ থেকে যারা পাথর ক্রয় করেন তাদের কোনো ভাগ্য পরিবর্তন হয় কি-না? প্রত্যেকটা পাথরের মূল্য প্রদর্শন করা।
তিনি বলেন, আমরা মূলত আজকে মূল্য প্রদর্শন না করার অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছি। আগামীতে আমরা তাদের পাথরগুলো পরীক্ষা করব।
তিনি আরও বলেন, তাদের পাথর রফতানির কাগজপত্র এবং কীভাবে ভাগ্য পরিবর্তন হয় তার ব্যাখ্যা চাওয়া হয়েছে। আপনারা অন্যদের ভাগ্য গণনা করেন কিন্তু আজকে যে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর থেকে আমরা আসবো এটা আপনারা জানতেন না? ভোক্তা অধিদফতরের কর্মকর্তাদের এমন প্রশ্নের জবাবে ভাগ্য গণনাকারী প্রতিষ্ঠান শেষ দর্শন আজমেরী জেমসের ম্যানেজার বলেন, স্যার, আপনারা ঈদের আগে জরিমানা করলে কীভাবে টাকা পরিশোধ করব। এখন আমাদের ব্যবসা ভালো যাচ্ছে না।








