পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: কর্মচঞ্চল হয়ে উঠেছে সচিবালয়, অফিস, আদালত, ব্যাংকসহ সরকারি-বেসরকারি অফিস। ঈদুল ফিতরের ছুটি শেষে আজ রোববার প্রথম কর্মদিবস। ফলে ব্যস্ত হয়ে উঠবে রাজধানী ঢাকা। ইতিমধ্যে ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। তবে সবাই ফেরেননি বলেই অফিসেগুলো এখনো ছুটির আমেজ বিরাজ করছে।
সরকারি নিয়ম অনুযায়ী, ঈদে তিন দিন সাধারণ ছুটি থাকে। এছাড়া এ দুই ঈদের আগে ও পরের দিন নির্বাহী আদেশে ছুটি থাকে। এবার ঈদের ছুটির আগে ও পরে সাপ্তাহিক ছুটি, লাইলাতুল কদরের ছুটির মধ্যে এক কর্মদিবস ছিল। এ কর্মদিবসটি ম্যানেজ করে অনেকেই ৯ দিন ছুটি কাটিয়েছেন।
ঈদ উপলক্ষে মঙ্গল (৪ জুন), বুধ (৫ জুন) ও বৃহস্পতিবার (৬ জুন) সরকারি ছুটি ছিল। এর সঙ্গে শুক্র (৭ জুন) ও শনিবারের (৮ জুন) সাপ্তাহিক ছুটি মিলে এবারের ঈদে মোট পাঁচ দিনের ছুটি পেয়েছেন সরকারি কর্মচারীরা। আর যারা ৩ জুন ছুটি নিয়েছিলেন তারা টানা ৯ দিন ছুটি কাটাতে পেরেছেন।
এর বাইরে ঈদের পরও যারা ছুটি নিয়েছেন তারাও বেশ লম্বা ছুটি কাটিয়েছেন। সব মিলিয়ে আজ থেকে কর্মদিবস শুরু হলেও আগামী সপ্তাহের আগে সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বীমা পুরোদমে কর্মব্যস্ত হওয়ার সম্ভাবনা কম।








