বিকেলে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক
প্রচ্ছদ » Uncategorized » বিকেলে ঐক্যফ্রন্টের জরুরি বৈঠক
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ভবিষ্যত করণীয় নির্ধারণে আজ সোমবার বিকেলে জরুরি বৈঠকে বসছে জাতীয় ঐক্যফ্রন্ট। এ জোটের অন্যতম শরিক জেএসডির সভাপতি আ স ম আবদুর রবের উত্তরার বাসায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
বৈঠকে ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আবদুর রব, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীসহ ফ্রন্টের শীর্ষ নেতাদের উপস্থিত থাকার কথা রয়েছে।
এর আগে গতকাল রবিবার বিকালে রাজধানীর মতিঝিলে ঐক্যফ্রন্টের আহ্বায়ক ড. কামাল হোসেনের চেম্বারে একটি প্রাথমিক বৈঠক অনুষ্ঠিত হয়। এতে খুব কম সংখ্যক নেতা যোগ দেন।
গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় নির্বাচনের আগে যাত্রা শুরু করে জাতীয় ঐক্যফ্রন্ট। একসঙ্গে আন্দোলন, নির্বাচন এবং সরকার গঠনের লক্ষ্য নিয়ে মাঠে নামা জোটটি নির্বাচনে আটটি আসনে জয়লাভ করে। নির্বাচনে ব্যাপক অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে ফল বর্জন ও সংসদে না যাওয়ার সিদ্ধান্ত নেয় ঐক্যফ্রন্ট। জোট শরিকদের না জানিয়ে এ সিদ্ধান্ত থেকে সরে এসে বিএনপি ও গণফোরামের নির্বাচিত এমপিরা শপথ নেন। এ নিয়ে ফ্রন্টের শরিকদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। এসব কারণে পুনর্নির্বাচনের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েও শেষ পর্যন্ত আর মাঠে দেখা যায়নি তাদের।
প্রসঙ্গত, ২০১৮ সালের ডিসেম্বরে নির্বাচনের আগে নানা নাটকীয়তার মধ্যদিয়ে ১৩ অক্টোবর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের ঘোষণা আসে। এরপর ঐক্যফ্রন্টের দলগুলো জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নেয়। নির্বাচনের পর বিএনপি ও গণফোরামের সংসদে যোগ দেওয়া, কর্মসূচি না থাকা ও অভ্যন্তরীণ সংকটের কারণে জাতীয় ঐক্যফ্রন্ট এখন পার করছে শীতল সময়। ভবিষ্যতে ফ্রন্টের ঐক্য কতটা উষ্ণ হবে, তা নির্ভর করছে আজকের বৈঠকের ওপর।








