সিলেটে মহাসমাবেশের অনুমতি পেল বিএনপি
প্রচ্ছদ » Uncategorized » সিলেটে মহাসমাবেশের অনুমতি পেল বিএনপি
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: অনেক নাটকীয়তার পর অবশেষে সিলেটের রেজিস্ট্রারি মাঠে বিভাগীয় মহাসমাবেশ করার অনুমতি পেয়েছে বিএনপি। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মঙ্গলবার দুপুর ২টায় বিএনপির বিভাগীয় এ মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া দলের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম স্থায়ী কমিটির আরও কয়েকজন জ্যেষ্ঠ সদস্য এতে বিশেষ অতিথি হিসেবে অংশ নেয়ার কথা রয়েছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা বিষয়টি নিশ্চিত করে জানান, রেজিস্ট্রারি মাঠে বিএনপিকে শান্তিপূর্ণ পরিবেশে বিভাগীয় সমাবেশ করার শর্ত সাপেক্ষে অনুমতি দেয়া হয়েছে।
এর আগে সোমবার রাতে খোলা জায়গায় সমাবেশ করার অনুমতি দেয়া যাবে না জানিয়ে মহানগর পুলিশের পক্ষ থেকে বিএনপিকে বলা হয় রাতের মধ্যেই রেজিস্ট্রারি মাঠে তৈরি করা মঞ্চ ভেঙে ফেলতে। পুলিশের উপস্থিতে সমাবেশের জন্য তৈরি মঞ্চ ভাঙা হয়।
তবে এরপর সোমবার রাত সোয়া ১১টায় বিএনপির পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ মঙ্গলবার ঐতিহাসিক রেজিস্টারি মাঠের সিলেট বিভাগীয় মহাসমাবেশ যথাসময়ে যেকোনো মূল্যে করবে সিলেট জেলা ও মহানগর বিএনপি। যথা সময়ে উপস্থিত থেকে সমাবেশ সফল করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতিও আহ্বান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ। শেষ পর্যন্ত সরকারের কাছ থেকেও সমাবেশ সফলে প্রত্যাশিত সহযোগিতা পাবেন বলেও আশা প্রকাশ করেন সিলেট জেলা বিএনপির সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, মহানগর সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ ও মহানগর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী।








