পিএসজিকে আবারো জেতালেন নেইমার
প্রচ্ছদ » Uncategorized » পিএসজিকে আবারো জেতালেন নেইমার
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: ফ্রেঞ্চ ফুটবল লিগে ছুটেই চলেছে নেইমার ম্যাজিক। আবারও দলের জয়ে ভূমিকা রেখেছেন এই ব্রাজিলিয়ান তারকা স্ট্রাইকার। তার একমাত্র গোলে বোর্দোকে হারিয়েছে টমাস টুখেলের শিষ্যরা।
ম্যাচের শুরু থেকেই আকমণাত্মক ফুটবল খেলতে থাকে পিএসজি। ৩০ মিনিটে দু’টি গোলের সুযোগ হাতছাড়া হয় তাদের। গোলরক্ষকের কল্যাণে গোল বঞ্চিত হয় তারা।
তবে সবচেয়ে সহজ গোলে সুযোগ নষ্ট করেন নেইমার। ৪৪ মিনিটে পেনাল্টি বক্সের ডান দিক থেকে তমা মুনিয়ের উঁচু করে বাড়ানো বল পেয়ে কাছ থেকে লক্ষ্যভ্রষ্ট শটে বল বাইরে পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।
সাফল্যের দেখা পেতে পিএসজিকে অপেক্ষা করতে হয় ৭০ মিনিট পর্যন্ত। ইনজুরি থেকে ফিরে বদলি হিসেবে নামা ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বল নিয়ে খিপ্রগতিতে ডি বক্সে ঢুকে গোলমুখে বাড়িয়ে দেন। সেই বল আলতো টোকায় জালে পাঠান নেইমার।
নেইমারের এই গোলেই শেষ পর্যন্ত পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে টুখেলের দল। ৮ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে পিএসজি।








