টাঙ্গাইলে যৌনপল্লীর ৪০ ঘর ভস্মীভূত
প্রচ্ছদ » Uncategorized » টাঙ্গাইলে যৌনপল্লীর ৪০ ঘর ভস্মীভূত
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: টাঙ্গাইল শহরের কান্দাপাড়ায় যৌনপল্লীতে আগুনে অন্তত ৪০টি ঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়ে আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
টাঙ্গাইলের নারী মুক্তি সংঘের নেত্রী মনোয়ারা বেগম বলেন, একজন যৌনকর্মীর রান্না ঘরের গ্যাস সিলিন্ডার থেকে এ আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে।
এ সময় আমরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেই। পরে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নিয়ন্ত্রণে আসার আগেই আমাদের প্রায় অর্ধশতাধিক ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
ঘরসহ কয়েক কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে বলে তিনি জানান।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এতে প্রায় ৪০টির মতো ঘর ও ঘরের মালামাল আগুনে পুড়ে যায়।
আগুনের সূত্রপাত ও ক্ষতির পরিমাণ নির্ণয় করার কাজ চলছে। আমাদের কাজ শেষ হলে বিস্তারিত জানা যাবে।








