জনগণ সব অন্যায়ের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেবে : রিজভী
প্রচ্ছদ » জাতীয় » জনগণ সব অন্যায়ের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেবে : রিজভী
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, ‘জনগণের ধৈর্য ও সহ্যের বাঁধ ভেঙে গেছে। ৩০ ডিসেম্বরের আগের রাতে ভোট ডাকাতির পর সারাদেশের ভোটবঞ্চিত মানুষ ক্ষিপ্ত হয়ে আছে। অচিরেই গণবিস্ফোরণ শুরু হবে। জনগণ সব অন্যায়ের হিসাব কড়ায়-গন্ডায় বুঝে নেবে।
শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী তাঁতীদলের ঢাকা শাখা আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অবিলম্বে খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির জোর দাবি জানিয়ে রিজভী বলেন, “আওয়ামী ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে কেউ যাতে মাথাচাড়া দিতে কিংবা টু শব্দ উচ্চারণ করতে না পারে, সেজন্য দেশের মানুষের সবচেয়ে জনপ্রিয় নেত্রী ‘গণতন্ত্রের মা’ দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা ও সাজানো মামলায় কারারুদ্ধ করে রেখেছে সরকার। জামিনযোগ্য মামলা হওয়া সত্ত্বেও তাকে জামিন দেয়া হচ্ছে না।”
তিনি বলেন, ‘দেশনেত্রী শারীরিকভাবে ভীষণ অসুস্থ হলেও তার অসুস্থতা নিয়ে বিএসএমএমইউয়ের পরিচালক চরম মিথ্যাচার করছেন। তিনি প্রেস-ব্রিফিংয়ে সরকারের শেখানো কথাই বলেছেন। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, অবিলম্বে দেশনেত্রীকে মুক্তি দিয়ে সুচিকিৎসার সুযোগ দিন। অন্যথায় তার সব দায়-দায়িত্ব সরকারকে নিতে হবে।’
রিজভী বলেন, ‘বিএনপির একটি বলিষ্ঠ অঙ্গ-সংগঠন হিসেবে জাতীয়তাবাদী তাঁতীদল নানা প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে দেশব্যাপী সংগঠনকে আরও গতিশীল ও শক্তিশালী করতে কাজ করে যাচ্ছে। এ জন্য আমি সংগঠনের নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানাই। এ ক্ষেত্রে ঢাকা জেলা জাতীয়তাবাদী তাঁতী দল একধাপ এগিয়ে। ঢাকা জেলা জাতীয়তাবাদী তাঁতীদল সংগঠনকে শক্ত ভিত্তির ওপর দাঁড় করাতে সবসময় সচেষ্ট থাকবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি।’
তিনি আরও বলেন, ‘শহীদ জিয়াউর রহমান বীর উত্তমের হাতে গড়া জাতীয়তাবাদী তাঁতী দল শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে উঠলে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড মজবুত হবে। গ্রামীণ তাঁতশিল্প সম্প্রসারিত হলে উৎপাদিত তাঁতবস্ত্র দেশের চাহিদা পূরণ করে বিদেশে রফতানির মাধ্যমে বিপুল বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব। মোগল আমলে একসময় ঢাকার মসলিন কাপড় পৃথিবী বিখ্যাত ছিল। কিন্তু কালের আবর্তে আজ সেই মসলিন বিলীন হয়ে গেছে।’








