ফুটবলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা মোহামেডানের
প্রচ্ছদ » কোম্পানি সংবাদ » ফুটবলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা মোহামেডানের
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: সাবেকরা আসছেন, সময় কাটাচ্ছেন এবং ফুটবল দল নিয়ে আলোচনা করছেন- মোহামেডানে এমন দৃশ্য হারিয়ে যেতে বসেছিল। অনেক বছর ধরেই ঐতিহ্যবাহী ক্লাবটির ফুটবল দল আটকে ছিল একটি বৃত্তে। বছরের পর বছর মাঠে বাজে পারফরম্যান্স কিন্তু নির্বিকার ছিল ক্লাব কর্তৃপক্ষ।
সাদাকালো সমর্থকরাও হতাশ। আশাভঙ্গের বেদনায় সমর্থকরাও ভাবনা কমিয়ে দিয়েছিল ফুটবল দল নিয়ে। সাবেক ফুটবলারদের পদচারণাও কমে গিয়েছিল ক্লাবে। মোহামেডান ফুটবল দল মাঠে যাবে আর হারবে- এই নিয়তিই যেন মেনে নিয়েছিলেন সবাই। সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা চলছে ক্লাবের। সেটা সম্মিলিত উদ্যোগেই।
তাহলে আগামী মৌসুমে কি মোহামেডানের ফুটবল দল আলোচনায় থাকবে? মাঠে তারা কী করবে- সেটা বলে দেবে সময়। কিন্তু তার আগে মোহামেডানের ফুটবল দল আলোচনায় অন্য কারণে। অনেক দিন পর ক্লাবটির দল গঠনে ভূমিকা থাকছে সাবেক কয়েকজন ফুটবলারের।
বাদল রায়, ইমতিয়াজ সুলতান জনি, সাঈদ হাছান কারন, রুম্মন ওয়ালি বিন সাব্বির, ইমতিয়াজ আহমেদ নকীবরা ক্লাবের বর্তমান পরিচালনা পর্ষদের সদস্য জাকারিয়া পিন্টু, প্রতাপ শঙ্কর হাজরা, সারোয়ার হোসেন এবং আবদুর রব মাহবুবদের নিয়ে আগামী মৌসুমের দল গঠনের চেষ্টা করছেন। আছেন আরেক সাবেক পরিচালক মোস্তাকুর রহমানও।
ক্লাবে ক্যাসিনো ভাড়া দেয়ার অভিযোগে আটক হয়েছেন ডিরেক্টর ইনচার্জ লোকমান হোসেন ভূঁইয়া। যিনি বিগত অনেক বছর ধরে ক্লাব পরিচালনায় অগ্রণী ভূমিকা পালন করে আসছিলেন। লোকমান হোসেন ভূঁইয়া এককভাবে ক্লাব চালান- এই অভিযোগে সাবেক অনেক পরিচালক ও খেলোয়াড় ক্লাবে আসা-যাওয়াই বন্ধ করে দিয়েছিলেন। লোকমান হোসেন ভূঁইয়া আটকের পর সাবেক পরিচালকদের অনেকে ক্লাবে আসতে শুরু করেছেন। তাই তো ফুটবল দল গঠনে একটা সম্মিলিত প্রচেষ্টা।
তবে মোহামেডান দল গঠনে নেমেছে অন্যদের ঘর গোছানোর পর। তাই চাইলেই চ্যাম্পিয়ন ফাইট দেয়ার মতো দল গঠন সম্ভব নয় মোহামেডানের। তাই তো তারুণ্য নির্ভর একটি দল নিয়েই সংকটময় সময়ে মাঠে নামবে সাদাকালোরা।
গতবারের দলের বেশিরভাগ খেলোয়াড়কেই ছেড়ে দিয়েছে মোহামেডান। মাত্র ৭ জন পুরনো মুখ এবার দেখা যাবে ক্লাবটিতে। বাকি সবই নতুন এবং তরুণ। মোহামেডান ফুটবল দল তারুণ্যের পাখায় উড়েই ঘুরে দাঁড়াতে চায়। ইতিমধ্যে স্থানীয় ২৬ জন ফুটবলারের সঙ্গে চুক্তি করে ফেলেছে ক্লাবটি। তাদের নিয়ে আগামী সপ্তাহেই অনুশীলন শুরু করার কথা। গতবারের অস্ট্রেলিয়ান কোচ শেন লিন এবারও থাকছেন। বৃহস্পতিবার তার ঢাকায় আসার কথা জানানো হয়েছে ক্লাব থেকে। তার সঙ্গে থাকছেন ব্রিটিশ ট্রেনার জেমস।
গত মৌসুমে আরামবাগ ক্রীড়া সংঘে খেলা গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেলই হবেন এবারের মোহামেডান দলে স্থানীয়দের মধ্যে চেনা মুখ। হিমেল ক্লাবে পুরনো মুখও। বাংলাদেশ প্রিমিয়ার লিগের প্রথম দুই আসরে মোহামেডানের খেলেছিলেন হিমেল। এবার স্থানীয়দের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকও তার।
গত মৌসুমের যে ৭ ফুটবলারকে এবার ধরে রাখছে মোহামেডান তারা হলেন- গোলরক্ষক আহসান হাবিব বিপু, ডিফেন্ডার শ্যামল বেপারী, সেন্ট্রাল মিডফিল্ডার হাবিবুর রহমান সোহাগ, আমির হাকিম বাপ্পী, মো. মিঠু, অনীক ঘোষ ও ইউসুফ সিফাত।
নতুন যারা যোগ দিচ্ছেন মোহামেডানে তারা হলেন- আরামবাগের গোলরক্ষক মাজহারুল ইসলাম হিমেল, বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সোহানুর রহমান, নোফেলের ডিফেন্ডার ফরহাদ মনা, শেখ রাসেলের ফরোয়ার্ড আমিনুর রহমান সজীব, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার শাহেদ হোসেন, আরামবাগের ডিফেন্ডার আতিকুজ্জামান, বাংলাদেশ সেনাবাহিনীর ডিফেন্ডার হুমায়ুন কবির খান, গোলরক্ষক জসিম উদ্দিন, শেখ রাসেলের মিডফিল্ডার রুম্মন হোসেন, নোফেলের ডিফেন্ডার মাসুদ রানা মৃধা, কামরুল ইসলাম, সকার ক্লাবের ডিফেন্ডার ইমন খান, সাইফ স্পোর্টিং ক্লাবের মিডফিল্ডার কবির, মুক্তিযোদ্ধার মিডফিল্ডার রাকিব খান ইভান, সাইফ স্পোর্টিং ক্লাবের ফরোয়ার্ড ওসাই মং মারমা, চট্টগ্রাম আবাহনীর মিডফিল্ডার অনিক হোসেন, ভিক্টোরিয়ার মিডফিল্ডার আবিদ হোসেন সাইফ, শেখ রাসেলের ডিফেন্ডার ফরহাদুজ্জামান বাবু ও টিম বিজেএমসির সাব্বির আহমেদ সুমন।
বিদেশি খেলোয়াড়দের মধ্যে গত মৌসুমে খেলে যাওয়া মালির ওমসান ও সোলেমান এবং জাপানের মিডফিল্ডার উরু এবারও থাকছেন। নতুন আসার কথা স্ট্যানলি আমাদি ও ওবি ওবি চুকু নামের দুই নাইজেরিয়ান।
দেশের ফুটবলে আগের জৌলুস নেই। কিন্তু প্রতি বছরই হুহু করে বাড়ে ফুটবলারদের দাম। একটি মোটামুটি মানের দল তৈরির জন্যই দরকার হয় দুই আড়াই কোটি টাকা। মোহামেডানের এবারের দলটি তৈরি করতে ৫ কোটি টাকার মতো লাগছে বলে জানিয়েছে ক্লাবের একটি সূত্র।








