৫০ কিমি দূরে বুলবুল, কয়েক ঘণ্টার মধ্যেই আঘাত সুন্দরবনে
প্রচ্ছদ » সারাদেশ » ৫০ কিমি দূরে বুলবুল, কয়েক ঘণ্টার মধ্যেই আঘাত সুন্দরবনে
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক:বাংলাদেশের খেপুপাড়ার আরও কাছে চলে এল অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড় বুলবুল। সাগরদ্বীপ থেকে ঘূর্ণিঝড়ের দূরত্ব মাত্র ৫০ কিলোমিটার। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, আর কয়েক ঘন্টার মধ্যেই আঘাত হানবে স্থলভাগে।
আশঙ্কা বাড়ছে, বুলবুল কোথায় গিয়ে আছড়ে পড়বে তা নিয়ে। আজ রাতে কি তবে সুন্দরবন এলাকায় ছোবল মারতে চলেছে বুলবুল? না কি আরও সরে গিয়ে আছড়াবে খেপুপাড়ার কাছে? এখনও নিশ্চিত ভাবে কিছু বলছেন না আবহাওয়া বিজ্ঞানীরা। সাগরদ্বীপ থেকে খেপুপাড়ার মধ্যে তার বিস্তার থাকলেও দিল্লির মৌসম ভবন কিন্তু জানাচ্ছে, বুলবুল আঘাত হানার সম্ভাবনা রয়েছে এ রাজ্যের সুন্দরবন এলাকায়।
শনিবার দুপুর দুটো নাগাদ ওড়িশার পারাদ্বীপ থেকে দূরত্ব বাড়িয়ে তা ক্রমশই গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে এগোচ্ছে। আবহাওয়া বিজ্ঞানীদের অনুমান, শনিবার রাত ৮টা থেকে ১২টার মধ্যে সাগরদ্বীপ থেকে বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে অতি ভয়ঙ্কর ঘূর্ণিঝড়টি আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় আবহবিজ্ঞান বিভাগের ঘূর্ণিঝড় বিভাগের প্রধান বিজ্ঞানী মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, ‘‘এই ধরনের ঘুর্ণিঝড় অনেকটা জায়গা জুড়ে আঘাত হানে। বুলবুলও অনেকটা জায়গা নিয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উপকূলে আছড়ে পড়বে। এখনও পর্যন্ত যা গতি প্রকৃতি বোঝা যাচ্ছে, তাতে মনে হচ্ছে সুন্দরবন এবং তার আশপাশেই বুলবুলের আছড়ে পড়বে।”








