দর্শক আগ্রহের ওপর নির্ভর করছে টিকিটের মূল্য
প্রচ্ছদ » Uncategorized » দর্শক আগ্রহের ওপর নির্ভর করছে টিকিটের মূল্য
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শেষপর্যন্ত কী হবে তা সময়ই বলে দেবে। তবে কঠিন সত্য হলো, উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে যত মাতামাতি ছিলো, বিপিএলের মাঠের লড়াই শুরুর আগে নেই সেই হৈচৈ-শোরগোল। যেহেতু আগের ফ্র্যাঞ্চাইজিগুলো নেই এবার, সব দল নতুন। স্পন্সর পার্টনাররাও এবারই প্রথম।
কাজেই ভক্ত-সমর্থক তৈরি হয়নি সেভাবে। শুধু যার যে বিভাগে বাড়ি, তার সেই দলকে নিয়েই যা আগ্রহ। তারপরও আগের যেকোনো আসর শুরুর আগের তুলনায় এবার প্রাণচাঞ্চল্য কম। দর্শক উপস্থিতি কেমন হবে? তা নিয়েও আছে সংশয়।
কারণ সাধারণ গ্যালারির প্রবেশমূল্য ২০০ টাকা। ইতিহাস জানাচ্ছে, আগের আসরেও শুরুতে ২০০ টাকা ছিলো টিকিটের সর্বনিম্ন মূল্য। কিন্তু দর্শক উপস্থিতি কম হওয়ায়, সে মূল্য কমিয়ে নেয়া হয়। আর তাতেই বাড়ে দর্শক উপস্থিতি। সময় গড়ানোর সাথে সাথে ভরতে থাকে গ্যালারি।
এখন এবার কী হয়? সেটাই দেখার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহীর কথা শুনে মনে হচ্ছে, তারাও ভেতরে ভেতরে টিকিটের মূল্য কমানোর কথা ভাবছেন। কারণ আগের আসরেও টিকিটের মূল্য কমিয়ে আনার উদাহরণ রয়েছে।
এ কারণেই গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় বিসিবির প্রধান নির্বাহীর কণ্ঠে এমন আভাস, ‘আমরা দেখি আগে, কাল (বুধবার) তো খেলা শুরু হচ্ছে। দর্শক আগ্রহ দেখে আমরা পুনরায় বিবেচনা করার কোন সুযোগ থাকলে অবশ্যই সেটা ভেবে দেখবো।’








