ট্রাম্পের উপস্থিতিতেও রণক্ষেত্র দিল্লি, নিহত ৭
প্রচ্ছদ » Uncategorized » ট্রাম্পের উপস্থিতিতেও রণক্ষেত্র দিল্লি, নিহত ৭
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: প্রথমবারের মতো ভারত সফরে এসে দেশটির রাজধানী নয়াদিল্লিতে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) বিরোধী বিক্ষোভের স্বাক্ষী হলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সফরের মাঝেই উত্তরদিল্লির বিভিন্ন প্রান্তে সিএএর সমর্থক ও বিরোধীদের মাঝে ব্যাপক রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছে। এতে এক পুলিশ সদস্যসহ অন্তত সাতজনের প্রাণহানি ঘটেছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, গত বছর দেশটির পার্লামেন্টে নতুন এই আইন পাস হয়ে যাওয়ার পর থেকে এখন পর্যন্ত রাজধানী নয়াদিল্লিতে একদিনে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় সংঘাত-সংঘর্ষে দিল্লিতে এক পুলিশ সদস্য ও ছয় বেসামরিক নাগরিক নিহত হয়েছেন।
সিএএ-বিরোধী ও সমর্থকদের দফায় দফায় সংঘর্ষের মাঝে যানবাহন পুড়িয়ে দেয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি। বিক্ষোভ অব্যাহত থাকায় মঙ্গলবার দিল্লির উত্তরাঞ্চলে আরও সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বিবিসির নয়াদিল্লি প্রতিনিধি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দিল্লিতে আতিথেয়তা দেয়ার মাঝে সংঘর্ষের এই ঘটনা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে। ট্রাম্পের ভারত সফরকে আড়ালে ফেলেছে এই সহিংসতা।
রোববার উত্তর দিল্লির মুসলিম সংখ্যাগরিষ্ঠ অন্তত তিনটি স্থানে এই বিক্ষোভ ছড়িয়ে পড়ে; যা সোমবারও অব্যাহত থাকে। সোমবার নাগরিকত্ব আইনের বিরোধী ও সমর্থকদের সংঘর্ষের সময় পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ, লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। এ সময় দুই পক্ষ পরস্পরকে লক্ষ্য করে ইট-পাথর নিক্ষেপ করে। টেলিভিশনে প্রচারিত কিছু ভিডিও ফুটেজে দেখা যায়, সংঘর্ষস্থলের আশপাশের ভবনে আগুন জ্বলছে।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, তারার মঙ্গলবার সকালেও জাফরাবাদ এবং চাঁদবাগ এলাকার রাস্তায় ইট-পাথর ও পোড়া যানবাহন পড়ে থাকতে দেখেছেন। অনেকেই বলছেন, এসব এলাকাকে রণক্ষেত্রের মতো মনে হচ্ছে। সহিংসতায় বিধ্বস্ত এসব এলাকায় পুলিশ অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। আইডি কার্ড দেখে শরীর তল্লাশি করে শহরে লোকজনকে ঢোকার অনুমতি দিচ্ছে পুলিশ। দিল্লির কিছু মেট্রো স্টেশন বন্ধ ঘোষণা করা হয়েছে।
দিল্লির নবনির্বাচিত মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে ফেডারেল সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। এই পরিস্থিতি সম্পর্কে দিল্লি পুলিশ নরেন্দ্র মোদি নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) নেতৃত্বাধীন সরকারকে অবহিত করেছে।
মঙ্গলবার আরও পরের দিকে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে। তবে এই সংঘর্ষ এবং সংঘাতের পেছনে দিল্লির বিজেপি নেতা কপিল মিশ্রর সংশ্লিষ্টতা রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চলে গেলে সিএএ-বিরোধীদের বলপ্রয়োগপূর্বক তাড়িয়ে দেয়া হবে বলে দু’দিন আগে হুমকি দিয়েছিলেন বিজেপির এই নেতা।








