শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ দলের ৪২ জনের বহর!
প্রচ্ছদ » Uncategorized » শ্রীলঙ্কায় যাচ্ছে বাংলাদেশ দলের ৪২ জনের বহর!
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের জন্য এখনও দল ঘোষণা করা হয়নি। একের পর এক তারিখ বলা হচ্ছে, জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানিয়েছেন, দল জমা দিয়ে দিলেন বিসিবির কাছে। বিসিবি সভাপতি অনুমোদন দেয়ার পরই সেটা প্রকাশ করা হবে।
তবে কোয়ারেন্টাইন বিষয়ক জটিলতার কারণে যদিও সফর নিয়ে কিছুটা শঙ্কা দেখা দিয়েছে। এমনকি শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড (এসএলসি) এখনও আনুষ্ঠানিকভাবে সূচিও প্রকাশ করেনি।
কিন্তু তাই বলে তো প্রস্তুতি নেয়া বন্ধ রাখা যাবে না। চলতি মাসের শেষ সপ্তাহেই শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। আগামী মাসের (অক্টোবর) শেষ সপ্তাহে শুরু হওয়ার কথা বাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্ট সিরিজ।
যে কোনো সফরের আগেই সরকারের অনুমতি (জিও বা অনাপত্তি পত্র) নিতে হয়। এই কার্যক্রম আগে থেকেই সেরে রাখে সংশ্লিষ্ট বোর্ড বা ফেডারেশন। শ্রীলঙ্কা সফর নিয়েও আগে থেকে ২৭ জন ক্রিকেটারের বিষয়ে অনুমতি নিয়ে রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও জাগো নিউজে আগেই সংবাদ প্রকাশ হয়েছে, শ্রীলঙ্কা সফরের দল হতে পারে ২০ বা ২১ জনের। ২৭জন খেলোয়াড়ের জিও করে রাখার অর্থ, কয়েকজনকে রিজার্ভে রাখা হবে।
ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যে জিও করা হয়েছে, তাতে দেখা যাচ্ছে ২৭ খেলোয়াড়ের সঙ্গে ১৫ কর্মকর্তার নাম। মোট ৪২ জনের (খেলোয়াড় ও কর্মকর্তা-কর্মচারি মিলিয়ে) নামে সরকারের কাছ থেকে সফরের অনুমতি নেয়া হয়েছে।
তবে, একটা সমস্যা রয়েছে এতে। আগে থেকে জানা, বাংলাদেশ শ্রীলঙ্কা সফরে যাবে সেপ্টেম্বরের শেষ অংশে। আর সিরিজ শুরু করবে অক্টোবরের শেষ অংশে। কিন্তু জিও তথা সরকারি অনুমতি পত্রে দেখা যাচ্ছে সফরের অনুমতি দেয়া হয়েছে ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ১৩ সেপ্টেম্বর , ২০২০।








