পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার থেকে অর্থ উত্তোলনের জন্য রবি আজিয়াটা লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
আজ বুধবার (২৩ সেপ্টেম্বর) কমিশনের ৭৪১তম নিয়মিত সভায় এ অনুমোদন দেয়া হয়।
কোম্পানিটি অভিহিত মূল্যে শেয়ার ইস্যুর মাধ্যমে ৫২৩ কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৩৪০ টাকা সংগ্রহ করবে। যা দিয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ এবং আইপিও খরচ পরিচালনা করা হবে।
এ টাকা তোলার জন্য কোম্পানিটি ৫২ কোটি ৩৭ লাখ ৯৩ হাজার ৩৩৪টি সাধারণ শেয়ার আইপিওতে ইস্যু করবে। এর মধ্যে ১৩ কোটি ৬০ লাখ ৫০ হাজার ৯৩৪টি শেয়ার কোম্পানির কর্মকর্তা ও কর্মচারিদের মধ্যে ইস্যু করা হবে।
কোম্পানিটির ২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪ পয়সা। আর পুনর্মূল্যায়ন ছাড়া শেয়ারপ্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১২ টাকা ৬৪ পয়সা।
কোম্পানিটিকে পুঁজিবাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে আইডিএলসি ইনভেস্টমেন্ট।
ইলেকট্রনিক সাবস্ক্রিপশন সিস্টেমের মাধ্যমে কোম্পানিটির সাধারণ শেয়ারের চাঁদা দিতে ইচ্ছুক প্রত্যেক যোগ্য বিনিয়োগকারীকে চাঁদা গ্রহণ শুরুর দিন থেকে পূর্ববর্তী ৫ কার্যদিবস শেষে তালিকাভুক্ত সিকিউরিটিজে বাজার মূল্যে কমপক্ষে এক কোটি টাকা বিনিয়োগ থাকতে হবে।
রবি পুঁজিবাজার থেকে ৫২৩ কোটি টাকা সংগ্রহ করবে, যা এখন পর্যন্ত বাংলাদেশের সর্ববৃহৎ আইপিও। উত্তোলিত অর্থ রবির নেটওয়ার্ক সম্প্রসারণের জন্য ব্যবহৃত হবে। টেলিকমিউনিকেশন খাতের দ্বিতীয় কোম্পানি হিসেবে রবির তালিকাভুক্তি বাজারের মূলধনকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ সেপ্টেম্বর , ২০২০।








