হোয়াটসঅ্যাপে মার্কিন আদালতে হাজিরা দিলেন যুবরাজ সালমান

প্রচ্ছদ » Uncategorized » হোয়াটসঅ্যাপে মার্কিন আদালতে হাজিরা দিলেন যুবরাজ সালমান

 

পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : সৌদি আরবের সাবেক এক নিরাপত্তা উপদেষ্টাকে নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুক্তরাষ্ট্রের একটি আদালতে হাজিরা দিয়েছেন যুবরাজ মোহাম্মদ বিন সালমান। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ সম্পর্কিত কিছু নথিপত্র। খবর আল জাজিরার।

আদালতের নথি থেকে জানা যায়, নির্যাতন ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় যুবরাজ সালমানসহ আরও নয়জন সৌদি কর্মকর্তাকে তলব করেছিলেন ওয়াশিংটন ডিসি আদালত। আদালতের এ নোটিশ হোয়াটসঅ্যাপের মাধ্যমে আসামিদের কাছে পাঠানো হয়।

থমাস মাস্টার্স নামে একজন কম্পিউটার ফরেনসিক তদন্তকারী গত বৃহস্পতিবার মার্কিন আদালতে দাখিল করা হলফনামায় নিশ্চিত করেছেন, গত ২২ সেপ্টেম্বর হোয়াটসঅ্যাপের মাধ্যমে যুবরাজ সালমানের কাছে নোটিশটি পাঠানো হয়েছিল এবং ২০ মিনিট পর সেটি পঠিত হয়েছে বলে দৃশ্যমান হয়।

মামলায় সৌদির সাবেক নিরাপত্তা উপদেষ্টা সাদ আল-জাবরি অভিযোগ করেছেন, ২০১৮ সালের অক্টোবরে তাকে হত্যার উদ্দেশ্যে ৫০ জনের একটি ঘাতক দল কানাডায় পাঠিয়েছিলেন মোহাম্মদ বিন সালমান। তবে দলটিকে সীমান্ত দিয়ে ঢুকতে দেয়া হয়নি।

আল-জাবরির দাবি, তুরস্কের সৌদি কনস্যুলেটে সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার কিছুদিন পরেই তাকে হত্যার চেষ্টা চালানো হয়েছিল।

২০১৮ সালের ২ অক্টোবর ইস্তানবুলে খুন হন ৫৯ বছর বয়সী সাংবাদিক জামাল খাশোগি। তিনি সৌদি রাজপরিবারের অন্যতম সমালোচক ছিলেন। ওয়াশিংটন পোস্টের এই কলাম লেখকের হত্যাকাণ্ডে গোটা বিশ্বে আলোড়ন সৃষ্টি হয়।

খাশোগি হত্যাকাণ্ডে জড়িত অভিযোগে গত বছর পাঁচজনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় সৌদি আরব। তবে গত মাসে তাদের মৃত্যুদণ্ড বাতিল করে ২০ বছর এবং আরও তিনজনকে সাত থেকে ১০ বছরের কারাদণ্ড দেন সৌদির আদালত।

সিআইএ’সহ একাধিক গোয়েন্দা সংস্থা খাশোগি হত্যাকাণ্ডের নির্দেশদাতা হিসেবে যুবরাজ সালমানের নাম বললেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনও সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ দেখানো হয়নি। সৌদি আরব অবশ্য বরাবরই এ অভিযোগ অস্বীকার করেছে।

 

পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ৩১ অক্টোবর , ২০২০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Live Video

[ytplayer id=33256]

সম্পাদকীয়

অনুসন্ধানী

বিনিয়োগকারীর কথা

আর্কাইভস

July ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« May    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১