নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭৭ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ জরিমানা
প্রচ্ছদ » Uncategorized » নিত্যপণ্যের বাজারে অভিযান, ৭৭ প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ জরিমানা
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : রাজধানী ঢাকাসহ সারাদেশে ফার্মেসিসহ নিত্যপণ্যের বাজারে তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় মোট ৭৭টি প্রতিষ্ঠানকে সাড়ে ১৩ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অধিদফতর সূত্রে এ তথ্য জানা গেছে। অধিদফতরের মহাপরিচালকের পদত্ত ক্ষমতাবলে রাজধানীর দক্ষিণখান এলাকার বিভিন্ন কাঁচা বাজার, ফার্মেসি, রেস্টুরেন্টে অভিযান পরিচালনা করেন ঢাকা জেলস কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুর জব্বার ও প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক টজবী নাহার রজনী।
এছাড়া রাজধানীর বাইরে বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ও জেলা কার্যালয়ের সহকারী পরিচালকের নেতৃত্বে বাজারে তদারকি ও সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয়। বাজার তদারকিকালে মাস্কসহ আলু, পেঁয়াজ, ভোজ্যতেলসহ অন্যান্য প্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে বিক্রি হচ্ছে কি না তা তদারকি করা হয়।
এ সময় পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করা, বিক্রয় তালিকার সঙ্গে মূল্য তালিকার রশিদের গড়মিল, ক্রয় রশিদ সংরক্ষণ না করা, অনিবন্ধিত ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি, নকল পণ্য এবং ওজনে কারচুপির অপরাধে সারাদেশে ৭৭টি প্রতিষ্ঠানকে ১৩ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/১৫ই ডিসেম্বর, ২০২০।








