চিকুনগুনিয়ায় আক্রান্ত ডিএসসিসি মেয়রের মা
প্রচ্ছদ » Uncategorized » চিকুনগুনিয়ায় আক্রান্ত ডিএসসিসি মেয়রের মানিজস্ব প্রতিবেদক : চিকুনগুনিয়ায় হয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকনের মা ফাতেমা হানিফ। আজ শনিবার চিকুনগুনিয়া নিয়ে জনসচেতনতা তৈরিতে আয়োজিত এক নাগরিক শোভাযাত্রার শুরুতে বক্তৃতাকালে এই তথ্য জানান সাঈদ খোকন।
নিজের মা চিকুনগুনিয়ায় আক্রান্ত হয়েছেন উল্লেখ করে তিনি বলেন, চিকুনগুনিয়ায় আক্রান্তদের কষ্ট আমি বুঝি।
তিনি বলেন, আমি যখন বাসা থেকে বের হই, তখন আমার মা আমাকে দোয়া দেন, সাহস জুগিয়ে পাঠান। তার বিমর্ষ চেহারা দেখে আমি আসি। এই শহরের লক্ষ মায়ের কষ্ট আমি বুঝি। এই রোগে আক্রান্ত রোগীদের কষ্টও আমি বুঝি। সেই কষ্ট বুকে ধারণ করেই চিকুনগুনিয়া প্রতিরোধে কাজ করে যাচ্ছি আমি।
এসময় মেয়র আগামী ১০ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া মুক্ত করার ঘোষণা দেন।
এ সময় তিনি বলেন, আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক সভায় বলেছিলাম চার থেকে ছয় সপ্তাহের মধ্যে ডিএসসিসি এলাকায় চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আসবে। গত শুক্রবারও বলেছিলাম তিন থেকে চার সপ্তাহের মধ্যে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে নিয়ে আসব। আর আজ আটদিন পর আপনাদের বলতে চাই, আগামী ১০ দিনের মধ্যে ডিএসসিসি এলাকা চিকুনগুনিয়া রোগ মুক্ত করবই।
তবে ১০ দিনের মধ্যে চিকুনগুনিয়ামুক্ত করার পর তা ফের বাড়তে পারে বলেও সতর্ক করেছেন তিনি। তিনি বলেন, ১০ দিন পর হয়তো চিকুনগুনিয়া মুক্ত হয়ে যাবে। এমনও হতে পারে ৯৮ ভাগ কমে যেতে পারে, ৯৯ ভাগ কমে যেতে পারে। মুক্ত হওয়ার সাতদিন পর আবার নতুন করে এটি ছড়াতে পারে। এ কারণে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব।
মেয়র জানান, বৃহস্পতিবার বেলা সাড়ে ৩টা থেকে দক্ষিণ সিটি করপোরেশনের কল সেন্টার চালু হয়েছে। শুক্রবার রাত ১০টা পর্যন্ত সিটি করপোরেশনের কল সেন্টারে আসা ৩১ হাজার ৮৫৬টি ফোন ধরা হয়েছে।
২২ হাজার ১১২ জন নাগরিক এসব কল করেছেন। এর মধ্যে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নাগরিক ১ হাজার ৪৩০ জন। ৩৩১ জন ডিএসসিসির কাছ থেকে চিকিৎসাসেবা চেয়েছেন, যার মধ্যে ১৬৬ জনকে বাসায় গিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
নগর ভবন থেকে শুরু হওয়া আজকের শোভাযাত্রায় ওয়ার্ড কাউন্সিলর, সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেয়।
শোভাযাত্রাটি নগর ভবন থেকে গোলাপশাহ মাজার, জিরোপয়েন্ট, পল্টন, প্রেস ক্লাব, কার্জন হল, বঙ্গবাজার হয়ে নগরভবনে এসে শেষ হয়।








