হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে হেফাজতের হামলা, ওসিসহ আহত ৫
প্রচ্ছদ » Uncategorized » হবিগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে হেফাজতের হামলা, ওসিসহ আহত ৫পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : হবিগঞ্জের আজমিরীগঞ্জে মাইকে ঘোষণা দিয়ে হেফাজত কর্মীদের হামলায় ওসিসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় পুলিশের দুটি মোটরসাইকেলসহ তিনটি গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (২৮ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন আজমিরীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল ইসলাম। তিনি বলেন, রোববার দুপুরে আজমিরীগঞ্জ উপজেলার নোয়াগাও এলাকায় হেফাজত কর্মীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এ সময় হেফাজত কর্মীরা মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর আক্রমণ করে। এতে থানার ওসি নুরুল ইসলামসহ পাঁচ পুলিশ সদস্য আহত হয়।
গুরুতর আহত অবস্থায় থানার উপ-পরিদর্শক পুনয়েল ও নজিবুরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় বিক্ষোভকারীরা পুলিশের একটি গাড়ি ভাঙচুর ও দুটি মোটরসাইকেল আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হেফাজত কর্মীরা পিছু হটে। পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলাচ্ছে।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৮ মার্চ, ২০২১।








