বিক্রেতা সংকটে রিংসাইনসহ ৩ কোম্পানি হল্টেড
প্রচ্ছদ » Breaking News || Slider || আজকের সংবাদ » বিক্রেতা সংকটে রিংসাইনসহ ৩ কোম্পানি হল্টেড
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : লেনদেন শুরু হতেই এনআরবি কমার্শিয়াল (এনআরবিসি) ব্যাংক, রিং সাইন টেক্সটাইল এবং ঢাকা ডাইং দাম বাড়ার সর্বোচ্চ সীমা স্পর্শ করেছে। এরপরও এই তিন প্রতিষ্ঠানের শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না বিনিয়োগকারীরা। ফলে ক্রেতা থাকলেও কোম্পানি তিনটির বিক্রেতা উধাও হয়ে হল্টেড হয়ে গেছে।
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএইসি সূত্রে এতথ্য জানাযায়।
এর মধ্যে এনআরবিসি ব্যাংকের শেয়ার দাম বাড়ার পেছনে মূল ভূমিকা রাখছে কোম্পানিটির পরিচালনা পর্ষদের ঘোষণা করা লভ্যাংশ। আর রিং সাইনের শেয়ার দাম বাড়াতে মুখ্য ভূমিকায় রয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা। তবে লোকসানে নিমজ্জিত ঢাকা ডাইংয়ের শেয়ার দাম বাড়ার পেছনের কোনো কারণ খুঁজে পাওয়া যায়নি।
এনআরবিসি ব্যাংক:
রোববার লেনদেন শুরু হতেই কয়েক মিনিটের মধ্যে ব্যাংকটির শেয়ার দাম বেড়ে দিনের সর্বোচ্চ সীমা স্পর্শ করে। এরপরও একশ্রেণির বিনিয়োগকারীরা কোম্পানিটির শেয়ার বিক্রি করতে চাচ্ছেন না।
এদিন কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরুর দাম ছিল ২৯ টাকা ৫০ পয়সা। তবে শুরুতে ২৯ টাকা ৮০ পয়সা করে ৫৫ হাজার ১০০ শেয়ার কেনার প্রস্তাব আসে। এ দামে কেউ শেয়ার বিক্রি করতে রাজি না হওয়ায় কয়েক দফা দাম বাড়িয়ে ৩০ টাকা ৮০ পয়সা করে শেয়ার কেনার প্রস্তাব দিচ্ছেন বিনিয়োগকারীরা। এতে দাম বাড়ায় সর্বোচ্চ সীমায় চলে যায় কোম্পানিটির শেয়ার। এ দামেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন না।
রিং সাইন টেক্সটাইল:
পুঁজিবাজারের বহুল আলোচিত কোম্পানি রিং সাইন টেক্সটাইলকে গত বৃহস্পতিবার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে উত্তোলন করা অর্থের ৪০ কোটি টাকা ব্যবহারের অনুমতি দিয়েছে । কোম্পানিটির শেয়ারের লেনদেন শুরুর দামই হয় ৭ টাকা ৮০ পয়সা। যা দিনের দাম বাড়ায় সর্বোচ্চ সীমা। তবে এ দামেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন না।
ঢাকা ডাইং:
রোববার লেনদেনের শুরুতে ১২ টাকা ৯০ পয়সা করে কোম্পানিটির ১০০ শেয়ার কেনার প্রস্তাব আসে। তবে যাদের কাছে কোম্পানিটির শেয়ার আছে তারা এ দামে বিক্রি করতে রাজি হননি। এরপর কয়েক দফা দাম বেড়ে ১৪ টাকা ৩০ পয়সা করে লাখের ওপর শেয়ার কেনার প্রস্তাব আসে। এতে দাম বাড়ায় সর্বোচ্চ সীমায় চলে যায় কোম্পানিটির শেয়ার। এ দামেও বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করছেন না।
হঠাৎ শেয়ারের এমন দাম বাড়লেও দীর্ঘদিন ধরে কোম্পানিটি লোকসানের মধ্যে নিমজ্জিত। ফলে ২০১৫ সালের পর বিনিয়োগকারীদের কোনো ধরনের লভ্যাংশ দিতে পারেনি কোম্পানিটি। যে কারণে দীর্ঘদিন ধরে পচা ‘জেড’ গ্রুপে রয়েছে কোম্পানিটি।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৩ মে , ২০২১।








