বন্যার্তদের ভোগান্তি লাঘবে পদক্ষেপ নেবে সরকার
প্রচ্ছদ » Uncategorized » বন্যার্তদের ভোগান্তি লাঘবে পদক্ষেপ নেবে সরকারপুঁজিবাজার রিপোর্ট ডেস্ক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যেকোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে জনগণ যাতে অনাকাঙ্ক্ষিত সমস্যায় না ভোগে সে জন্য তার সরকার সব ধরনের পদক্ষেপ নিয়েছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার আপনাদের সরকার। কাজেই আওয়ামী লীগ সরকার যতদিন ক্ষমতায় থাকবে, জনগণ কোন অনাকাঙ্ক্ষিত সমস্যায় ভুগবে না’।
রোববার বিকেলে কুড়িগ্রামের পাংগারানী লক্ষীপ্রিয়া স্কুল অ্যান্ড কলেজ ময়দানে স্থানীয় বন্যা দুর্গতদের মাঝে ত্রাণসমাগ্রী বিতরণের পূর্বে এক সমাবেশে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় থাকি বা না থাকি, যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আমরা আপনাদের পাশে থাকবো’।
তিনি আরো বলেন, ‘বঙ্গবন্ধুর কন্যা হিসেবে আমার আর ছোট বোন শেখ রেহানার কোনো উচ্চাভিলাষ নেই। জাতির জনক বঙ্গবন্ধু যে দেশকে স্বাধীন করেছেন, সে দেশের জনগণের কল্যাণ ও সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমরা আমাদের জীবনকে উৎসর্গ করছি’।
প্রধানমন্ত্রী বলেন, তার সরকার যেকোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতি মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নিয়েছে। তিনি বন্যায় প্রাণহানিতে গভীর শোক প্রকাশ করে বলেন, ভবিষ্যতে প্রাণহানির সংখ্যা কমে আসবে, যখন জনগণ বন্যার পূর্বাভাস সম্পর্কে জানতে পারবে।








