নিজস্ব প্রতিবেদক : টেস্ট ক্রিকেটে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি গড় তার। গত বছর ঘরের মাঠে ইংল্যান্ডকে হারানোর টেস্টে মুমিনুল হক করেছিলেনদুর্দান্ত ব্যাটিং। প্রতিপক্ষ যেই হোক, ঘরের মাঠে মুমিনুল ঈর্ষণীয় ব্যাটিং করেন। ফলে প্রথম টেস্টের দল থেকে মুমিনুল হকের বাদ পড়া অনেক আলোচনা-সমালোচনা জন্ম দিয়েছিল। ঠিক এমন অবস্থায় আবারও দলে ফিরলেন মুমিনুল। মিডল অর্ডার ব্যাটসম্যান মোসাদ্দেক হোসেনের চোখের সংক্রমণ না সারায় দলে ডাক পেয়েছেন মুমিনুল।
শনিবার দুপুরে প্রথম টেস্টের দল ঘোষণার পর থেকেই তোলপাড় শুরু হয়, কেন বাদ দেয়া হলো মুমিনুলকে? কেন নেই মুমিনুল? ঘরের মাঠে তার অসাধারণ ব্যাটিং কী প্রধান নির্বাচক আর কোচের নজরে পড়েনি। তারা কোন বিবেচনায় সৌম্য, সাব্বির, লিটন দাসের মত খেলোয়াড়কে দলেনিয়ে বাদ দিয়ে দেয় সেরা টেস্ট ব্যাটসম্যানকে!
শুধু মিডিয়ায় নয়, সমালোচনার ঝড় ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
আজ রোববার দুপুরে হঠাৎ করেই মিরপুরে শেরেবাংলা স্টেডিয়ামে গুঞ্জন ছড়িয়ে পড়ে মুমিনুলকে দলে ফেরানো হতে পারে। সে কারণেই হয়তো দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে হঠাৎ বিসিবিতে আগমন ঘটে সভাপতি নাজমুল হাসান পাপনের।
বিসিবি সূত্রে জানা গেছে, বোর্ডে কোচ এবং প্রধান নির্বাচককে নিয়ে জরুরি বৈঠকে বসেছিলেন তিনি।
এরপরেই বিসিবির পক্ষ থেকে ঘোষণা আসে মোসাদ্দেকের পরিবর্তে মুমিনুল হককে দলে নেওয়া হয়েছে।








