কোস্ট গার্ড সদর দফতরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ » Uncategorized » কোস্ট গার্ড সদর দফতরে জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : জাতীয় বৃক্ষরোপণ অভিযান বাস্তবায়নের লক্ষ্যে প্রতিবছরের মতো এ বছরও বাংলাদেশ কোস্ট গার্ডের উদ্যোগে দেশের বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষাকল্পে ‘বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১’ উদযাপনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি প্রতিপাদ্যে মঙ্গলবার (২৯ জুন) সকালে কোস্ট গার্ড সদর দফতর প্রাঙ্গণে একটি করে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করেন সংস্থার মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল এম আশরাফুল হক।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আমিরুল হক এ তথ্য জানান।
তিনি বলেন, বৃক্ষরোপণ শেষে দেশ-জাতির কল্যাণ ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। অনুষ্ঠানে কোস্ট গার্ডের বিভিন্ন দফতরের পরিচালকরাসহ মনোনীত সামরিক ও বেসামরিক কর্মকর্তা, কর্মচারী ও নাবিক স্বাস্থ্যবিধি মেনে উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২১ বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ডের সকল জোন, বেস, স্টেশন ও আউটপোস্টে ধারাবাহিকভাবে বিভিন্ন ধরনের ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর কোস্ট গার্ড মহাপরিচালক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়নের লক্ষ্যে কোস্ট গার্ড সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানান।
পুঁজিবাজার রিপোর্ট – আ/ব/সি/ ২৯ জুন , ২০২১।








