পুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী সায়দাবাদ জনপথ মোড়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৬জন দগ্ধের ঘটনায় আরও একজন মারা গেছেন। মৃতের নাম শফিকুল ইসলাম (৪০)। এনিয়ে এই ঘটনায় চারজন মারা গেলেন।
মঙ্গলবার ১৬ নভেম্বর রাতে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান শফিক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এসএম আইউব হোসেন। তিনি বলেন, মৃত শফিকুলের ৭৮ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে মঙ্গলবার ১৬ নভেম্বর ভোর ৬টার দিকে মারা যান রিপন মিয়া। আর সকাল ৯টার দিকে মারা যান আবুল কালাম। ১৪ নভেম্বর বিকেলে ৩৪ শতাংশ দগ্ধ নিয়ে মারা যান বিশ্বনাথ (৬০)।
ডা. আইউব হোসেন আরও জানান, শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী জনপথ এলাকা থেকে ৬ জন দগ্ধ অবস্থায় হাসপাতালে আসেন। এদের মধ্যে শামসুদ্দিন রবিন নামে একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে কবির হোসেন (৪০) ৮৫ শতাংশ দগ্ধ নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
শুক্রবার ১২ নভেম্বর সন্ধ্যায় সায়দাবাদ জনপদ মোড়ে একটি দোতলা মার্কেটের নিচ তলাতে গ্যাস সিলিন্ডারের দোকান থেকে এই বিস্ফোরণ ঘটনা ঘটে। এতে তারা দগ্ধ হন।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৭ নভেম্বর , ২০২১।








