ইসি গঠন : রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব প্রক্রিয়া আজ শুরু
প্রচ্ছদ » জাতীয় » ইসি গঠন : রাষ্ট্রপতির কাছে ১০ জনের নাম প্রস্তাব প্রক্রিয়া আজ শুরুপুঁজিবাজার রিপোর্ট প্রতিবেদক : নতুন নির্বাচন কমিশন গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ে রাষ্ট্রপতির কাছে ১০ জনের নামের প্রস্তাব প্রক্রিয়া আজ থেকে শুরু হচ্ছে। গতকাল সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে জ্যেষ্ঠ সাংবাদিকদের সঙ্গে সার্চ কমিটির বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান।
মন্ত্রিপরিষদ সচিব বলেন, ৩২২ জনের তালিকার মধ্যে যেসব নাম দুবার রয়েছে সেগুলো কাটছাঁট করা হয়েছে। এখন সংশোধিত সেই তালিকা কমিটির সামনে তুলে ধরা হবে। তারপর তারা তাদের কর্মপদ্ধতি ঠিক করবে। সার্চ কমিটি বুধবার থেকে ফরমালি কাজ শুরু করবে।
আনোয়ারুল ইসলাম বলেন, কমিটি চারজন বিশিষ্ট ব্যক্তির সঙ্গে কথা বলেছে। আটজনকে ডাকা হয়েছিল। তাদের মধ্যে চারজন উপস্থিত হন। তারা তাদের মতামত দিয়ে গেছেন। এগুলোও কমিটি বিবেচনা করবে।
রাষ্ট্রপতির কাছে প্রস্তাব করা ১০ জনের নাম প্রকাশ করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা কমিটি করবে। এরই মধ্যে প্রকাশিত তালিকার বাইরে থেকেও কারো নাম প্রস্তাব করা হবে কিনা, এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, সার্চ কমিটি যেভাবে সার্চ করা দরকার সেভাবেই করবে। এখন যদি তারা মনে করে আরো সার্চ করা দরকার তাহলে করবে। খুব দ্রুত নাম প্রকাশ করা হবে। যে ১৫ দিন সময় আছে তার মধ্যেই তা করবে সার্চ কমিটি।
এর আগে বিকাল চারটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটির প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের সভাপতিত্বে চারজন জ্যেষ্ঠ সাংবাদিকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেয়া সাংবাদিকরা হলেন চ্যানেল আইয়ের বার্তাপ্রধান শাইখ সিরাজ, জ্যেষ্ঠ সাংবাদিক মনজুরুল আহসান বুলবুল, বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজাম ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ।
বৈঠক শেষে মনজুরুল আহসান বুলবুল সাংবাদিকদের বলেন, আমরা আমাদের ব্যক্তিগত মত তুলে ধরেছি। আমরা বলেছি যোগ্যতার নিরিখে বিবেচিত হলে একজন নারী ও একজন সংখ্যালঘু ব্যক্তিত্বকে মনোনীত করার জন্য। সব পেশার প্রতিনিধি নিয়ে একটি ভারসাম্যমূলক কমিশন চেয়েছি। কমিশনে একটি বিশেষ পেশার প্রাধান্য যেন না থাকে।
তিনি বলেন, যাদের নাম তালিকায় আসছে তাদের সম্পর্কে বিস্তারিত খোঁজ নেয়া দরকার। তারা রাজনৈতিক ভোল পাল্টেছে কিনা, আর্থিক কেলেঙ্কারির সঙ্গে সম্পৃক্ত কিনা তা যাচাই করা দরকার। আমরা বলেছি, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এমন কেউ যাতে কমিশনে আসে।
তিনি আরো বলেন, সার্চ কমিটি আমাদের জানিয়েছে যে ১০ জনের নাম চূড়ান্ত করার আগে বিএনপিসহ নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নাম জমা দিলে তা আমলে নেয়া হবে।
বৈঠক শেষে সাংবাদিক নঈম নিজাম গণমাধ্যমকে বলেন, নির্বাচন সার্বজনীন। এখানে সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিকে দেখতে চাই আমরা। আশা করি, তারা (সার্চ কমিটি) এমন নাম প্রস্তাব করবে যাতে কোনো বিতর্ক থাকবে না।
এরই মধ্যে শেষ হয়েছে নির্বাচন কমিশনের (ইসি) মেয়াদ। তবে স্বাধীনতার পর এবারই আইন অনুযায়ী প্রথম ইসি গঠিত হচ্ছে। এজন্য গত ২৭ জানুয়ারি প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ বিল-২০২২ জাতীয় সংসদে পাস হয়। এরপর আইনানুযায়ী ইসি গঠনে যোগ্য ব্যক্তি বাছাইয়ের জন্য গত ৫ ফেব্রুয়ারি আপিল বিভাগের বিচারপতি ওবায়দুল হাসানকে সভাপতি করে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়।
পুঁজিবাজার রিপোর্ট – নূ/আ/সি/ ১৬ ফেব্রুয়ারী , ২০২২।








