বরিশালে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ
প্রচ্ছদ » Uncategorized » বরিশালে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জবরিশাল প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বরিশালে যুবদল আয়োজিত বিক্ষোভ মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে কমপক্ষে পাঁচজন আহত হয়েছেন।
মঙ্গলবার বেলা ১১টার দিকে নগরীর সদররোড টাউনহল সংলগ্ন বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। পরে সেখান থেকে মিছিল বের করে সদর রোডে গেলে সেখানে বাধা দেয় পুলিশ। বাধা উপেক্ষা করে মিছিল করার চেষ্টা করলে একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে মিছিল ছত্রভঙ্গ করে দেয়।
জেলা যুবদলের সভাপতি পারভেজ আকন বিপ্লব জানান, কুমিল্লায় বাসে পেট্রল বোমা হামলার ঘটনায় বিস্ফোরক আইনের মিথ্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ৪৬ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির প্রতিবাদে বিএনপি দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করে যুবদল। সমাবেশ শেষে মিছিল নিয়ে কিছুদুর অগ্রসর হলে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে বিক্ষোভ মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়। এ সময় পুলিশের লাঠিচার্জে তিনি (পারভেজ আকন বিপ্লব), তসলিম উদ্দিন, মামুন রেজা, হাবিব , খবিরসহ বেশ কয়েকজন আহত হন।
এদিকে এরপর একই স্থান থেকে জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদল বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করে। মিছিলটি টাউন হলের প্রধান ফটকে এলে পুলিশি বাধার মুখে পড়ে।
কোতয়ালী মডেল থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই সত্যরঞ্জন খাসকেল জানান, যুবদলের মিছিলটি পুলিশের বাধা উপেক্ষা করে ব্যস্ততম সড়কে যান চলাচলে বাধার সৃষ্টি করে। পরে পুলিশ তাদের সড়ক থেকে সরিয়ে দেয়। আহত হওয়ার মত কোনো ঘটনা ঘটেনি।








