সিজারসহ নিখোঁজদের খুঁজে বের করতে সুজনের আহ্বান
প্রচ্ছদ » Uncategorized » সিজারসহ নিখোঁজদের খুঁজে বের করতে সুজনের আহ্বাননিজস্ব প্রতিবেদক: নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজারসহ নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার আহ্বান জানিয়েছে সুশাসনের জন্য নাগরিক- সুজন।
বৃহস্পতিবার সংগঠনের সভাপতি এম হাফিজ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড. বদিউল আলম মজুমদার স্বাক্ষরিত এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, আমরা গণমাধ্যমের প্রতিবেদনে জানতে পারি যে, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সহকারী অধ্যাপক মোবাশ্বার হাসান সিজারকে মঙ্গলবার বিকেল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের জানামতে, তিনি একজন মেধাবী শিক্ষক ও গবেষক। সরকারের এটুআই প্রকল্পের একটি সভায় অংশ নিতে ওই দিন তিনি আগারগাঁওয়ের আইডিবি ভবনে যান এবং সেখান থেকে বের হওয়ার পরই নিখোঁজ হন। এ নিয়ে গত আগস্টের শেষ সপ্তাহ থেকে নভেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত রহস্যজনকভাবে রাজনীতিক, ব্যবসায়ী, সাংবাদিক, ছাত্রসহ ৯ জন নিখোঁজ হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, নাগরিক হিসেবে একের পর এক এরকম ঘটনায় আমরা অত্যন্ত উদ্বিগ্ন ও বিচলিত। কী কারণে মুবাশ্বার হাসান নিখোঁজ হলেন, কেউ তাকে তুলে নিয়ে গেলো কি না, সে বিষয়টি এখনো স্পষ্ট নয়। এছাড়া আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এর সঙ্গে যুক্ত কী না তা নিয়েও অনেকের সন্দেহ রয়েছে। যদিও এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।
সংবিধানের ৩২ অনুচ্ছেদে ‘জীবন ও ব্যক্তি স্বাধীনতার অধিকার’হতে কোনো ব্যক্তিকে বঞ্চিত না করা এবং ৩৬ অনুচ্ছেদে দেশের সর্বত্র অবাধ চলাফেরা করার অধিকার প্রত্যেক নাগরিকের জন্য নিশ্চিত করা হয়েছে। সংবিধানের এ বাধ্যবাধকতা অনুযায়ী, প্রত্যেক নাগরিকের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে বলা হয়, নাগরিকের ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার দায় সরকারের। আমরা আরও মনে করি, সরকার তথা আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব সকল নিখোঁজ ব্যক্তিদের খুজেঁ বের করে স্বজনদের কাছে ফিরিয়ে দেয়া। একই সঙ্গে যারা ভয়াবহ এ কর্মকাণ্ডে যুক্তদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। তাই অবিলম্বে সরকারকে এ ব্যাপারে পদক্ষেপ নিতে আহ্বান জানাচ্ছি।








