সালমানের কারাদণ্ডের রায়ে উল্লাস!
প্রচ্ছদ » Uncategorized » সালমানের কারাদণ্ডের রায়ে উল্লাস!
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বহুল আলোচিত কৃষ্ণসার হরিণ হত্যা মামলায় সালমান খানকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি ১০ হাজার রুপি জরিমানা করা হয়েছে তাকে। অভিযুক্ত অন্যরা এ মামলা থেকে অব্যাহতি পেয়েছেন।
যোধপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দেব সিং খাতরি বৃহস্পতিবার এ রায় প্রদান করেন। এদিকে সালমানের কারাদণ্ডের রায়ে উল্লাস প্রকাশ করেছে বিষ্ণোই সম্প্রদায়। যোধপুর ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে তারা উল্লাস করে। প্রকাশিত প্রতিবেদনে এমনটাই জানিয়েছে ভারতীয় একটি সংবাদমাধ্যম।
১৯৯৮ সালে হিন্দি সিনেমা হাম সাথ সাথ হ্যায়’র শুটিং চলাকালীন যোধপুরের কাছে কঙ্কনী গ্রামে বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ শিকারের অভিযোগ ওঠে সালমানের বিরুদ্ধে। পরবর্তী সময়ে এ বিষয়ে মামলাও দায়ের হয়। সিনেমাটিতে সালমান খানের সহশিল্পী সাইফ আলী খান, সোনালী বেন্দ্রে, টাবু ও নীলমকেও এ মামলায় অভিযুক্ত করা হয়।
প্রায় দুই দশক ধরে চলে আসছিল এ মামলা। ভারতের বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বিরল প্রজাতির কৃষ্ণসার হরিণ হত্যা দণ্ডনীয় অপরাধ। বিষ্ণোই সম্প্রদায়ের মানুষ এই হরিণকে ভক্তি করেন এবং এটি রক্ষায় কাজ করে থাকেন।








