কোটা সংস্কার আন্দোলনের জবাব কর্মসংস্থান সৃষ্টি করা : মেনন
প্রচ্ছদ » Uncategorized » কোটা সংস্কার আন্দোলনের জবাব কর্মসংস্থান সৃষ্টি করা : মেনন
নিজস্ব প্রতিবেদক: ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, কোটাব্যবস্থা নিয়ে বর্তমানে যে আন্দোলন চলছে তার জবাব হবে কর্মসংস্থান সৃষ্টি করা।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে যুবমৈত্রী আয়োজিত র্যালিপূর্ব সমাবেশে তিনি কথা বলেন। যুবমৈত্রীর ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই র্যালির আয়োজন করে সংগঠনটি।
রাশেদ খান মেনন বলেন, উন্নয়নশীল দেশের অভিযাত্রাকে টেকসই করতে হলে দেশে বিপুল পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। বেকারত্বের যন্ত্রণা থেকেই এই তরুণরা মাদকাসক্ত ও জঙ্গিবাদসহ বিভিন্ন অসামাজিক কাজে জড়িয়ে পড়ছে। সে কারণেই বেকার যুবকদের নিবন্ধনের উদ্যোগ নিতে হবে এবং ভাতার ব্যবস্থা করতে হবে।
তিনি বলেন, আজকে তরুণ সমাজকে মাদকাসক্তি, সন্ত্রাস ও জঙ্গিবাদ থেকে ফিরিয়ে আনতে সকলকে উদ্যোগ নিতে হবে। স্বতঃস্ফূর্ত আন্দোলন কিছু ঢেউ তুলতে পারে, সাময়িক সমাধান আনতে পারে কিন্তু কার্যকর সংগঠন না হলে পরে তা মূল সমস্যার সমাধান করা যাবে না।
এসব কারণে যুবমৈত্রীর নেতাকর্মীদের একটি কার্যকর সংগঠন গড়ে তোলার আহ্বান জানান মেনন।
সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্সের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি তৌহিদুর রহমান, আব্দুল আহাদ মিনার, আতিকুর রহমান, সহ-সাধারণ সম্পাদক মুতাসিম বিল্লাহ সানী, তাপস দাস, অর্থ সম্পাদক কাজী মাহমুদুল হক সেনা, দফতর সম্পাদক মিজানুর রহমান, উত্তরের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হযরত আলী সুমন প্রমুখ।
এর আগে রাজধানীর তোপখানা রোড দলীয় কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে পল্টন মোড় ঘুরে জাতীয় প্রেসক্লাবের সামনে যায়। সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে র্যালিটি তোপখানায় অবস্থিত পার্টি কার্যালয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে যুবমৈত্রীর প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে।








