বিনিয়োগকারীদের সহায়তার চেক পেল বিএলআই ক্যাপিটাল
প্রচ্ছদ » Uncategorized » বিনিয়োগকারীদের সহায়তার চেক পেল বিএলআই ক্যাপিটাল
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজারে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তায় বিএলআই ক্যাপিটালকে ১১ কোটি ৬০ লাখ ৭৭ হাজার ৩০২ টাকা ঋণ সহায়তা দিয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)। সরকারি নির্দেশনা অনুযায়ী, প্রাপ্ত অর্থ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বল্পসুদে ঋণ সহায়তা দেবে প্রতিষ্ঠানটি।
আজ বুধবার বিডিবিএল ভবনে আইসিবির প্রধান কার্যালয়ে প্রতিষ্ঠানটির কাছে ঋণ সহায়তা অর্থের চেক তুলে দেওয়া হয়। চেক তুলে দেন আইসিবির ব্যবস্থাপনা পরিচালক কাজী ছানাউল হক। বিএলআই ক্যাপিটালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইসরাইল হোসেন এসিএস এই চেক গ্রহণ করেন।
এ সময় ব্যবস্থাপনা পরিচালক মো. ইসরাইল হোসেন এসিএস বলেন, দেশের ক্রমবর্ধমান অর্থনীতির সাথে পুঁজিবাজার আরও এগিয়ে যাবে। আর বাজার বৃদ্ধির সাথে সাথে বিনিয়োগকারীদের আরও সচেতন হতে হবে। আমরা এই অর্থ দিয়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের সহায়তা করতে চাই।
অনুষ্ঠানে আইসিবি উপ-ব্যবস্থাপনা পরিচালক মোসাদ্দেকুল ইসলাম, মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন গাজী, উপ-মহাব্যবস্থাপক নজরুল ইসলাম, বিএলআই ক্যাপিটালের হেড অব অপারেশনস মোহাম্মদ মফিজুল ইসলাম এবং কোম্পানি সচিব আহমেদ মেহফুজ মঈন উপস্থিত ছিলেন।
পুঁজিবাজারে ২০১০ সালের ধসের প্রেক্ষিতে ৯০০ কোটি টাকার প্রণোদনা তহবিল গঠনের সিদ্ধান্ত নেয় সরকার। এই অর্থ ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বল্পসুদে ঋণ সহায়তার জন্য। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ২০১৩ সালের ১৯ আগস্ট জারিকৃত নীতিমালা অনুসরণে এই ঋণ ব্যবস্থাপনা করে আসছে আইসিবি।








