পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: বুক বিল্ডিংয়ে পুঁজিবাজারে আসতে চায় রতনপুর গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান মডার্ন স্টিল মিলস লিমিটেড। এ লক্ষ্যে আগামী ২২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার, বসুন্ধরা (আইসিসিবি) হল-২’তে কোম্পানিটির রোড শো অনুষ্ঠিত হবে। এ গ্রুপের আরএসআরএম এরই মধ্যে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।
উল্লেখ্য, কোম্পানিটি আইপিওতে আসার জন্য সর্বপ্রথম ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে লংকাবাংলা ইনভেষ্টমেন্টের সঙ্গে চুক্তি করে। কিন্তু পরবর্তীতে লংকাবাংলা ইনভেষ্টমেন্টকে বাদ দিয়ে ইস্যু ম্যানেজার হিসেবে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের সঙ্গে এ কোম্পানির চুক্তি হয়। তবে এ কোম্পানির রেজিস্টার টু দ্য ইস্যুর দায়িত্ব পালন করবে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।
জানা গেছে, মডার্ন স্টিল মিলসের ব্যবস্থাপনা পরিচালক মো. মিজানুর রহমান ও আইসিবির মহা-ব্যবস্থাপক কামাল হোসেন চৌধুরী এবং লঙ্কাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী (সিইও) কর্মকর্তা খন্দকার কায়েস হাসানের মধ্যকার ত্রৈপক্ষীয় চুক্তি হয়েছে।
চুক্তি সই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মডার্ন স্টিল মিলসের সচিব জাফর ইমাম, আইসিবি ক্যাপিটালের পরিচালক রফিকুল ইসলাম, ডিজিএম সোহেল রানা, ডিপুটি সিইও জাহাঙ্গীর আলম, এক্সিকিউটিভ অফিসার ফজলুল হক, লংকাবাংলা ইনভেস্টমেন্টের প্রধান পরিচালন কর্মকর্তা হাছান জাভেদ চৌধুরী, হেড অব প্রাইমারি মার্কেট অপারেশন ইফতেখার আলমসহ প্রমুখ।








