পাল্লা দিয়ে বাড়ছে পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিং!
প্রচ্ছদ » Uncategorized » পাল্লা দিয়ে বাড়ছে পুঁজিবাজারে ইনসাইডার ট্রেডিং!
পুঁজিবাজার রিপোর্ট ডেস্ক: পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) শেয়ার কারসাজি রোধে সরকারের নির্দেশে ‘সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দল’ নামে একটি কমিটি গঠন করে। কিন্তু প্রতিষ্ঠার পর থেকে এ কমিটির কোনো উল্লেখযোগ্য কার্যক্রম পরিলক্ষিত হয়নি। বাজার তদারকির লক্ষ্যে বিভিন্ন পরিকল্পনা নিয়ে মাঠে নামার ঘোষণা দিলেও তা কাগজে-কলমে সীমাবদ্ধ রয়েছে।
পুঁজিবাজারে ২০১০ সালের মহাধসের পরিপ্রেক্ষিতে ইব্রাহীম খালেদের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন অনুসারে সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দল গঠন করা হয়। বিশেষ করে ধস পরবর্তী পুঁজিবাজারে ধারাবাহিক তদন্ত কার্যক্রম অব্যাহত রাখতে এবং বাজারকে কেউ যাতে মেনুপুলেট করতে না পারে সে জন্যই এ দল গঠন করা। কিন্তু দল গঠন করা হলেও সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে তা আস্থা যোগাতে পারেনি। ২০১২ সালের ৩ জানুয়ারি সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দলের সদস্যদের তালিকা গেজেট আকারে প্রকাশ করা হয়।
গেজেটে দলটির কার্যপ্রণালীর বিশদ বর্ণনা ছিল। গেজেট প্রকাশের পর সার্বক্ষণিক যৌথ ইন্সপেকশন দল পুঁজিবাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতার স্বার্থে প্রথম বৈঠক করে ২০১২ সালের ১৬ মে। তারপর থেকে এ দলটি আর কোনো বৈঠক করেনি। ওই দিন থেকে থেমে যায় তাদের কার্যক্রম।
সাম্প্রতিক বাজার পরিস্থিতি স্থিতিশীল হতে না হতে ফের কারসাজি চক্র সক্রিয় হয়ে উঠেছে। পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বলছে তাদের শেয়ারের দর বাড়ার পেছনে কোনো যৌক্তিক কারণ নেই। অথচ ওই কোম্পানির শেয়ারের দর বাড়ছে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত। এ তালিকায় এমন কোম্পানিও আছে যেগুলো বছরের পর বছর লোকসান গুনছে। বাজার বিশ্লেষকরা এমন অবস্থাকে ইনসাইডার ট্রেডিং বা কারসাজি করে শেয়ারের দাম বৃদ্ধি বলে অভিহিত করেছেন, যার সর্বশেষ ক্ষতির শিকার হন সাধারণ বিনিয়োগকারীরা।
ডিএসইর সাবেক প্রেসিডেন্ট শাকিল রিজভী জানান, পুঁজিবাজারে মিথ্যা তথ্য প্রচার করে শেয়ারের দাম বাড়ানো বা ইনসাইডার ট্রেডিংয়ের ক্ষেত্রে আইনগত নিষেধাজ্ঞা রয়েছে। পুঁজিবাজারে কারা এ ধরনের কার্যক্রম চালায় তা চিহ্নিত করা কঠিন। যদি তা চিহ্নিত করা সম্ভব হয় তাহলে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণ করার বিধান রয়েছে। আর সময় সময় যেসব কোম্পানির শেয়ারের দাম অস্বাভাবিকভাবে বাড়তে থাকে সেসব কোম্পানিকে কেন দাম বাড়ছে কারণ জানতে চেয়ে নোটিশ করা হচ্ছে।
সূত্র: শেয়ারবার্তা ।








